ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের হামলায় পাহারাদার নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত পাহারাদার তৌফিকুল ইসলামের স্ত্রী শারমীন আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গত বুধবার সন্ধ্যায় ওই জলমহালে পাহারারত অবস্থায় বহিরাগত জেলেদের হামলায় তৌফিকুল নিহত হয়।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুড়শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকে। গত বুধবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।’


