ধর্মপাশায় টহল গাড়ি উল্টে পুলিশের ৭ সদস্য আহত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা থানা পুলিশের একটি টহল গাড়ি উল্টে গিয়ে ৭জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত পৌনে বারটার দিকে ধর্মপাশা জয়শ্রী সড়কের হাড়গুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ৭জনকে ওইদিন রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত এএসআই খন্দকার মোস্তাফিজুর রহমান, গোলাম মেহেদী, কনস্টেবল আমিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো স্থানীয় ভাবে একটি লেগুনা ব্যবস্থা করে ধর্মপাশা থানার একদল পুলিশ রাত আটটার দিকে রাতের নিয়মিত টহলে বের হয়। রাত পৌনে বারটার দিকে লেগুনাটি ধর্মপাশা জয়শ্রী সড়কের হাড়গুর নামক স্থানে গিয়ে চালক হোসেন মিয়ার অসর্তকতায়       
উল্টে যায়। এতে ধর্মপাশা থানার এসআই রবিউল আলম, এএসআই রতন মিয়া, গোলাম মেহেদী, খন্দকার মোস্তাফিজুর রহমান, কনস্টেবল জিয়াউর রহমান, আমিরুল ইসলাম, ইমরান হাসান পলাশ আহত হন। আহত ৭ জনকে ওই দিন রাতেই ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান নয়ন বলেন, এএসআই খন্দকার মোস্তাফিজুর রহমান, গোলাম মেহেদী, কনস্টেবল আমিরুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন,‘স্থানীয় ভাবে একটি লেগুনা ব্যবস্থা করে পুলিশ নিয়মিত রাতের টহলে বের হয়। চালকের ঘুম চলে আসায় এমনটি হতে পারে বলে ধারণা করছি।