ধর্মপাশায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের পেছনে কংস নদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের শিক্ষক শাহাদাত হোসেন ঈদের আগে স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে ইসলামপুর গ্রামের সামনে থেকে স্ত্রী সন্তান নিয়ে স্পিডবোটে করে ধর্মপাশার দিকে রওনা দেন। পথিমধ্যে ঘুলুয়া গ্রামের পেছনের কংস নদে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন, তার স্ত্রী পান্না খানম, মেয়ে শাইরা ও মুনসহ উভয় স্পিডবোটে থাকা অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এদিকে শাহাদাত হোসেন, পান্না খানম, শাইরা ও মুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি।