ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে জমির মালিকানা নিয়ে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহারাজ মিয়ার নেতৃত্বে মাহমুদনগর গ্রামের আব্দুল জব্বার ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এতে নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।
জানা যায়, উপজেলার ধানকুনিয়া হাওরে জমির মালিকানা নিয়ে মাহমুদনগর গ্রামের আব্দুল জব্বার ও  মহারাজ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশের দিন ধার্য করেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মহারাজ মিয়ার নেতৃত্বে তার লোকজন দা ও লাঠিসোটা নিয়ে আব্দুল জব্বারের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়      
পক্ষের নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন আনোয়ার হোসেন (৪৫), আব্বাস মিয়া (৪০), আব্দুল জব্বার (৫০), জুনায়েদ (২৩),জনি মিয়া (২০) ও কল্পনা আক্তার (৩০)। গুরুতর আহত জুনায়েদ, জনি মিয়া ও কল্পনা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুল জব্বার বলেন, শুক্রবার ইউনিয়ন পরিষদে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সালিশের আগেই মহারাজ মিয়া ও তার লোকজন আমার বাড়ির সামনে এসে আমাদের উপর হামলা চালায় ও আমার একটি ট্র্রাক্টর নিয়ে যায়।
ইউপি সদস্য মহারাজ মিয়া তাঁর ওপর আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো ওপর কোনো হামলা করিনি।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, হামলার ঘটনাটি আমি এলাকাবাসীর কাছে শুনেছি।
ধর্মপাশা থানার এসআই অনির্বাণ বিশ্বাস বলেন, জমির মালিকানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।