ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নদী ভাঙ্গনে কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ১২৩টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ।
এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার ৮০০ টাকা মূল্যের চেক তুলে দেওয়া। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়। এ সময় বিদায়ী চেয়ারম্যানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর ইউপি সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বংশীকুন্ডা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসাইন, পাইকুরাটি ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।


