ধর্মপাশা প্রতিনিধি
নিজ বাড়ি থেকে নিখোঁজের ২১ দিন পর সুনামগঞ্জের ধর্মপাশার এক পল্লী চিকিৎসককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চিকিৎসক আবদুল কুদ্দুস (৪০) উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবনের সামনে থেকে ধর্মপাশা থানা পুলিশ তাঁকে ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে। পূর্ব বিরোধের জের ধরে ওই পল্লী চিকিৎসককে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে চিকিৎসকের স্ত্রী শরীফা আক্তার (২৩) গত ২৯ নভেম্বর রাতে আটজনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা করেছিলেন।
ওই মামলা সূত্রে জানা যায়, মহদীপুর বাজারে আবদুল কদ্দুসের একটি ওষুধের দোকান রয়েছে। ২৮ নভেম্বর রাত ১২টার দিকে তিনি বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে তাঁর স্ত্রী তাকে ঘরে দেখতে না পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। পরে পৌনে ছয়টার দিকে স্থানীয় মহদীপুর ইবতেদিয়া মাদ্রাসা মাঠের মাঝামাঝি স্থান থেকে ওই পল্লী চিকিৎসকের ব্যবহৃত একটি মুঠোফোন, ছেড়া গেঞ্জি ও তাঁর ব্যবহৃত লুঙ্গি এবং জুতা খোঁজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন এবং সন্দেহজনকভাবে একই গ্রামের গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে চিকিৎসকের স্ত্রীর দায়ের করা অপহরণ মামলায় গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জান বলেন, আবদুল কদ্দুসকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।
- সাংবাদিক-রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি কলেজে ছাত্র বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা


