ধর্মপাশায় নৌকা প্রতীক পুড়ানোর অভিযোগ

এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  চেয়ারম্যান প্রার্থী আজিম মাহমুদের নৌকা (বাঁশ ও কাপড় দিয়ে তৈরি) প্রতীক আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানের লোকজন আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সাইদুর রহমান তাঁর লোকজনের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছেন এবং আজিম মাহমুদের বিরুদ্ধে তাঁর লোকজনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন।
মারধরের ঘটনাকে ধামাচাপা দিতে আজিম মাহমুদ নিজেই নৌকাটি পুড়িয়েছেন বলে দাবি করেন সাইদুর রহমান। এদিকে শুক্রবার বিকেলে আজিম মাহমুদের বড় ভাই নূর আলম ভূইয়া বাদী সাইদুর রহমানকে প্রধান আসামি করে নামাঙ্কিত দশজনের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা করেছেন।  
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিম মাহমুদ বলেন, কয়েকদিন আগে সাতুর নতুন বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা বাঁশের খুঁটিতে বেঁধে মাটি থেকে কিছুটা উপরে টানিয়ে দিই। কিন্তু বৃহস্পতিবার রাতে আমার নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করতে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানের লোকজন নৌকাটি পুড়িয়েছে বলে ধারণা করছি। বিষয়টি মধ্যনগর থানার ওসি ও রিটার্নিং কর্মকর্তাকে মুঠোফোনে জানিয়েছি।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে আমার চাচাতো ভাই ফুল রহমানকে আজিম মাহমুদ   মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ফুল রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো দাবি করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে এবং মারধরের ঘটনাটিকে ধামাচাপা দিতে আজিম মাহমুদ নিজেই তাঁর নৌকাটিকে পুড়িয়েছে।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, নৌকা প্রতীক পুড়ানোর ঘটনাটি সংশ্লিষ্ট প্রার্থী মুঠোফোনে জানিয়েছেন। প্রার্থীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, নৌকা প্রতীক পুড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।