ধর্মপাশায় পরীক্ষা দিতে পারল না ১২২ শিক্ষার্থী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক নার্গিস আক্তারের অবহেলায় পরীক্ষা দিতে পারল না ১২২জন শিক্ষার্থী। ১২ ডিসেম্বর সোমবার প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বিদ্যালয় বন্ধ থাকায় ওই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি।
জানা যায়, ১১ ডিসেম্বর রবিবার উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় ওই বিদ্যালয়ের    প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১২২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কিন্তু দ্বিতীয় দিন পার্শ্ববর্তী বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ওই বিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেওয়া সরকারি ছুটির তালিকায় ১২ ডিসেম্বর সরকারি বন্ধ থাকায় প্রধান শিক্ষক ওই দিন কোনো পরীক্ষা নেন নি। তিনি পরে জানতে পারেন সরকারি ছুটি ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর করা হয়েছে। তারিখ পরিবর্তনের বিষয়টি তিনি পরে জানতে পারেন।
নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তার জানান, তারিখ পরিবর্তনের বিষয়টি আমার জানা ছিল না। বিদ্যালয় বন্ধের বিষয়টি আমার অনিচ্ছাকৃত ভুল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন জানান, ওই প্রধান শিক্ষককে পরীক্ষা না নিয়ে বিদ্যালয় বন্ধ রাখার কারণে বুধবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।