ধর্মপাশায় পানিবন্দী লক্ষাধিক মানুষ

ধর্মপাশা প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ও টানা প্রবল বর্ষণের ফলে ধর্মপাশায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফলে পানিবন্দী বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। পানি বাড়তে থাকায় উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ধর্মপাশা সদর, জয়শ্রী, সুখাইড় উত্তর, সুখাইড় দক্ষিণ, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা দক্ষিণ, পাইকুরাটি ইউনিয়নের দরিদ্র মানুষজন মানবেতর জীবন যাপন করছেন। পানিবন্দী ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরসিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে প্লাবিত হওয়া পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিবন্দী মানুষজনকে সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপজেলায় ১ হাজার ৪০০ জন দরিদ্র মানুষের নাম ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। জয়শ্রী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী জানান, তাঁর ইউনিয়নের ৩০টি গ্রামই পানিবন্দী রয়েছে। ফলে এ সকল গ্রামের মানুষজন পানিবন্দী আছেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদ আহমেদ জানান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ১০টি গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার জানান, ইতোমধ্যে ৮১টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে ১২টি বিদ্যালয়ের মেঝে প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ আছে।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। দরিদ্র মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।