ধর্মপাশায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই দুই ভাই মারা যান। নিহতরা হলেন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেকুইজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)।
মঙ্গলবার ভোরে বাড়ির পাশের শালদিঘা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন খোকন মিয়া ও তার ছোট ভাই জিলন মিয়া। মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় মৃত্যু ঘটে তাদের। পরিবারের লোকজন ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান জানান, বিষয়টি তিনি জেনেছেন। তিনি ধর্মপাশায় নেই। বজ্রপাতে নিহতদের বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি পথে আছেন।