ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার আটটি হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত কাজের সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ না হওয়ায় স্থানীয় কৃষকেরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। গেল বছরের ১৫ ডিসেম্বর বাঁধ মেরামত কাজ শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও গত সোমবার দুপুর পর্যন্ত গড়ে ৪০ ভাগ কাজও সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তবে কৃষকদের এমন দাবি নাকচ করে দিয়ে প্রকল্প কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রকল্পগুলোতে গড়ে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
জানা যায়, উপজেলার চন্দ্র সোনার থাল হাওর, ধানকুনিয়া, জয়ধনা, ঘোড়াডুবা, কাইলানী, গুরমা, সোনামড়ল, গুরমার বর্ধিতাংশ এই আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামত কাজের জন্য ৩৩টি প্রকল্পের বিপরীতে প্রথমে ১ কোটি ৮৫ লাখ টাকা এবং সম্প্রতি চন্দ্র সোনার হাওরের জন্য আরও ২৫ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। তবে নানাবিধ কারণে যথাসময়ে এসব প্রকল্পের কাজ শুরু হয়নি।
গত সোমবার দুপুর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরোজমিনে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায়, চন্দ্র সোনার থাল হাওরের মুগরাইন, হুলাসখালী ফসল রক্ষা বাঁধসহ আরও অনেক বাঁধের মেরামত কাজ শুরু হয়নি। তবে হুলাসখালী বাঁধের পূর্বদিকে জতীন্দ্রভিটা বাঁধে কিছু মাটি ফেলা হয়েছে।
রাজধরপুর গ্রামের কৃষক হক মিয়া ও আশিক মিয়া জানান, প্রতি বছরই যখন হাওরে পানি আসা শুরু করে তখন তাড়াহুড়া করে কাজ শুরু করা হয়। সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত ব্যক্তিরা মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিতেই দেরিতে কাজ শুরু করে।
শ্রমিক সংকটের কারণে মুগরাইন বাঁধে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন মুগরাইন বাঁধ প্রকল্প কমিটির সভাপতি শাহজাহান কবির এবং আগামী দু’একদিনের মধ্যে হুলাসখালী বাঁধের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন হুলাসখালী-জতীন্দ্রভিটা বাঁধের প্রকল্প কমিটির সভাপতি শাহীন আলম।
জয়ধনা, ধানকুনিয়া ও চন্দ্র সোনার থাল হাওরের ১৪টি প্রকল্পের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন দাবি করেন, প্রকল্প কাজের প্রায় ৫০/৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। একই দাবি করেন, সোনামড়ল হাওরের ৫টি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী বরকত উল্লাহ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আগামী ৩০ মার্চ পর্যন্ত কাজের সময়সীমা বাড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। বাঁধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
- ছাতকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ সদস্য পদে ১১০ ও সংরক্ষিত আসনে ২৫ প্রার্থীর মনোনয়ন জমা
- আতঙ্কগ্রস্ত এলাকাবাসী গ্যাসের চাপে উঠে গেলো নলকূপের পাইপ


