এনামুল হক এনি, ধর্মপাশা
সপ্তাহখানেক ধরে ধর্মপাশায় বিদ্যুৎ যায় আর আসে। কখনো কখনো ঘণ্টা দেড়েক স্থায়ী হয় আবার দীর্ঘ সময়ের জন্য চলে যায়। মিনিটের মধ্যে কয়েকবার বিদ্যুৎ যায় আসার কারণে নষ্ট হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, ফ্রিজ, টিভি, কম্পিউটার। ঘনঘন লোডশেডিংয়ের কারণে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে এ উপজেলার দশ হাজারেরও বেশি গ্রাহককে যেমনি চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি বিঘিœত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা।
ধর্মপাশা গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক সাজিদুল হক সাজু বলেন,‘আবহাওয়া একটু খারাপ হলেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকার কারণ হিসেবে কর্তৃপক্ষ বৈরি আবহাওয়াকে দায়ী করলেও আবহাওয়া যখন ভাল থাকে তখনো ধর্মপাশায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ থাকে না।’
এইচএসসি পরীক্ষার্থী সামিরা আক্তার বলেন,‘বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশুনা করতে পারছি না। বিদ্যুৎ কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই।’
ধর্মপাশা সদর বাজারের ব্যবসায়ী আজিজুল হক
বলেন,‘বিদ্যুৎ নির্ভর ব্যবসায় বিদ্যুৎ ছাড়া এক মুহুর্ত চলে না। তবুও পল্লী বিদ্যুৎ সমিতি সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করে না।’
বৈরি আবহাওয়ার কারণে বিদ্যুতের খুঁটি ও লাইনে প্রায়সই সমস্যা দেখা বলে জানিয়েছেন পল্লীবিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা ইনচার্জ সেলিম আহমেদ।
এ ব্যাপারে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম বাবুল হোসেন জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এবং আবহাওয়া অনুকুলে না থাকলে এমনটি হয়ে থাকে। সমস্যা সমাধানে তাঁদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।


