ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ২টি ধর্মীয় প্রতিষ্ঠান ও ৪৫টি পরিবারে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে ২০১৯-২০ অর্থ বছরের নির্বাচনী এলাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সোলার প্যানেল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আয়োজিত সভায় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।