ধর্মপাশা প্রতিনিধি
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বর্বোরচিত হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগের রবিবার বেলা ১১টায় থানা রোডস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকার, রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি মতিলাল দেবনাথ, বৈদিক সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অসিম শীলসহ আরো অনেকেই।


