ধর্মপাশায় যুবদলের মিছিলে পুলিশের বাধার অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পুলিশের বাধায় যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে উপজেলা পরিষদ চত্বরে পুলিশের বাধার সম্মুখীন হয়।
জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্ববাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকেলে তিনটার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনফর আলী, সাধারণ সম্পাদক আলী আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রহমত, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদল নেতা খাজা আমজাদ মনসুর নয়ন, সাইফুর রহমান কাঞ্চন,    
 শওকত আলী বেপারী প্রমুখ। পরে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। তাই নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেরত যায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ বলেন, পুলিশের বাধায় আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কীর আনন্দ মিছিল করতে পারিনি।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, আমরা তাদের কর্মসূচিতে বাধা দেইনি। মিছিলের জন্য আগে কোনো অনুমতি না নেওয়ায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থেকে পুলিশ মিছিলে বাধা দিয়েছে।