ধর্মপাশায় স্কুলের নৌকা বিক্রির অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মগুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত নৌকাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০১২ সালের জুন মাসে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন থেকে এ বিদ্যালয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের এ নৌকাটি বরাদ্দ দেওয়া হয়েছিল। এ নিয়ে বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও অভিভাবকেরা ইউএনও’র কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
জানা যায়, এ বিদ্যালয়টি হাওর এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে ও যাতায়াতের সুবিধার্থে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন একটি নৌকা বরাদ্দ দেয়। নৌকাটি শিক্ষার্থীদের যাতায়াতে মাসখানেক ব্যবহৃত হলেও মাঝি ও জালানী খরচ বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করতে না পারায় এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে এ বছরই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে নৌকাটি স্থানীয় মগুয়ারচর গ্রামের আব্দুস সালাম, জলিল মিয়া ও ফুল মিয়ার কাছে ১০ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য ভাড়া দেওয়া হয়। পরের বছর ২০ হাজার টাকায় নৌকাটি আরো এক বছরের জন্য ভাড়া নেন ওই তিনজন। গত বছর আগস্ট মাসে নৌকাটি তাঁরা আবার ভাড়া নিলেও তা আর ফেরত দেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম জানান, আব্দুস ছালাম, ফুল মিয়া ও জলিল মিয়া আপন তিনভাই নৌকাটি ভাড়া নিয়ে এটি বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে একাধিকার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মফিজ আলী জানান, তিনি সভাপতি হওয়ার আগেই নৌকাটি ভাড়া দেওয়া হয়েছিল। নৌকাটি ফেরত না দেওয়ায় গত ১৯ সেপ্টেম্বর তাঁরা ইউএনও’র কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযুক্ত আব্দুস সালাম জানান, তাঁর ছোট ভাই জলিল মিয়া নৌকাটি ভাড়ায় নিয়েছিল এবং ভাড়া ঠিকমতো পরিশোধ করা হয়েছে। তবে বছর খানেক আগে নৌকাটি উপজেলার জয়শ্রী ঘাট থেকে চুরি হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে বলা হয়েছে।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবিরয়া জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।