ধর্মপাশায় হাওরে ধান কাটা শুরু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আতলাই হাওরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে ধান কাটা উৎসবের আয়োজন করে। এ সময় ওই হাওরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে শ্রমিকদের উৎসাহ দেওয়ার জন্য শ্রমিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানসহ প্রশাসনের কর্মকর্তারাও ধান কাটায় অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, কামলরুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘এবার উপজেলার আটটি হাওরে ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিছু দিনের মধ্যেই হাওরে পুরোদমে ধান কাটা শুরু হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘হাওরের বোরো ফসল যাতে কৃষকেরা নির্বিঘেœ ঘরে তুলতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’