ধর্মপাশায় হাওরে বাঁধ পরিদর্শনে উপজেলা কাবিটা কমিটি

ধর্মপাশা প্রতিনিধি
হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চন্দ্রসোনারথাল ও সোনামড়ল হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করা হয়। এসময় পিআইসির সদস্যদেরকে নীতিমালা মেনে বাঁধ নির্মাণ, স্লোপ তৈরি, কমপ্লেকশন করা ও নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য নিদের্শনা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে ঝুঁকিপূর্ণ ২৫ নং প্রকল্পের নকশা পরিবর্তন করে দেওয়া হয়। এ বছর ধর্মপাশা উপজেলায় ১৭০ টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. ইমরান হোসেন, কমিটির সদস্য গোলাম আজহারুল ইসলাম দিদার, মনিন্দ্র চন্দ্র তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের উপজেলা কমিটির সদস্য সাজিদুল হক প্রমুখ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা বাস্তবায়ন ও ম্িনটরিং কমিটির সদস্য সচিব মো. ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত বাঁধে মাটি ভরাটের কাজ প্রায় ৮৫ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদেরকে বলা হয়েছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করা যাবে।