ধর্মপাশায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে হচ্ছে সৌর বিদ্যুৎ প্রকল্প

বিন্দু তালুকদার
ধর্মপাশায় নির্মিত হচ্ছে দেশের বৃহত্তম গ্রিড ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৩২ মেগাওয়াটের এ কেন্দ্রটি নির্মাণ হবে ধর্মপাশার পাইকরাটি ইউনিয়নে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বেসরকারী উদ্যোগে এ প্রকল্পটি নির্মাণ করবে কোরিয়া-বাংলাদেশের যৌথ কনসোর্টিয়াম। কনসোর্টিয়ামের কোরিয়ার এডিসান সোলেটিক কোম্পানী ও পাওয়ার পয়েন্ট এবং বাংলাদেশ হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জি এ তিনটি কোম্পানী যৌথভাবে নির্মাণ ও পরিচালনা করবে।
সূত্র মতে, এটি নির্মিত হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৩ টাকা ৬০ পয়সায় (১৭ সেন্ট) বিদ্যুৎ কিনবে। গত ১৫ ফেব্রুয়ারি এ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি (পিপিত্রি) সই করে পিডিবি। পিডিবি’র পক্ষে কোম্পানীর সচিব মাজহারুল হক (অতিরিক্ত দায়িত্বে) ও কনসোর্টিয়ামের পক্ষে চেয়ারম্যান ই ইয়ং লি চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন এইচকেজিই কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
জানা গেছে, চুক্তি অনুসারে ১৮ মাসের মধ্যে এ প্রকল্পটির কাজ শেষ করতে হবে। চুক্তির মেয়াদ ২০ বছর। কেন্দ্র থেকে নেত্রকোনার জাতীয় গ্রিডের উপকেন্দ্র পর্যন্ত পৌঁছাতে ৩৫ কিলোমিটার ১৩২ কিলোভোল্টের সঞ্চালন লাইন কোম্পানী নিজ খরচে নির্মাণ করবে।  এ প্রকল্পের পরিচালক হিসেবে কোরিয়ার ই ইয়ং লি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জমি ক্রয়ের কাজ শুরু করেছে।
এদিকে বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হওয়ার খবরে আনন্দে ভাসছে ধর্মপাশাবাসী।
হাওর বাংলা কোরিয়া গ্রিন এনার্জি’র চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ দেশের বৃহত্তম গ্রিড ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প। এ কেন্দ্রটি চালু হলে হাওর অঞ্চলে বড় ভূমিকা রাখবে। এটি হাওর পাড়ের লোকজনের বড় একটি অর্জন।’