ধর্মপাশায় ৬০ কোটি টাকায় কংস নদ খনন- অপরিকল্পিতভাবে মাটি ফেলে বিপর্যয় তৈরি করা হচ্ছে

বিশেষ প্রতিনিধি ও এনামুল হক
কংস ও সুরমা নদীর সংযোগস্থল গাগলাজুড় থেকে ধর্মপাশা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার নদী খনন নিয়ে এখন কেবল প্রশ্নই ওঠেনি বরং এর বিধ্বংসী প্রতিক্রিয়ায় শংকিত হয়ে উঠেছেন এলাকার লোকজন। কংস নদ খননের মাটি ফেলে ধর্মপাশা গ্রামসহ ধর্মপাশা এলাকার মানুষকে বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে। নদী খননের সঙ্গে যুক্ত ঠিকাদার কোম্পানী’র লোকজনকে বার বার আকুতি-মিনতি করেও কোন সুরাহা হচ্ছে না ধর্মপাশাবাসীর। কংস নদ খননের মাটি অপরিকল্পিতভাবে ফেলায় বৃষ্টি হলেই ধর্মপাশা গ্রামের শতাধিক পরিবারের বাড়ি-ঘরে পানি ওঠে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে কংস নদ খনন নিয়ে রয়েছে নানা লুকোচুরিও।
জানা যায়, বিআইডব্লিউটিএ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুড় বাজারের সামনে থেকে (কংস ও সুরমা নদীর সংযোগস্থল) ড্রেজিংয়ের কাজ শুরু করে। তারা দাবি করেছে এই পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার নদী খনন করেছে। বিআইডব্লিউটিএ’র দাবি, নদী ভরাট হয়ে যাওয়ায় নৌ-চলাচলের সুবিধা এবং হাওরের ফসল আবাদের পানি নিস্কাশন ও সেচের পানির সুবিধার জন্য এই নদী খনন করা হচ্ছে।
ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন,‘নদীর খনন কাজ চলার সময় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন থেকে আতকাপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদীতে এখনো ড্রেজিং করা হয়নি। এই অংশ খনন না করলে নদী খননের জন্য সরকারের বরাদ্দকৃত ৬০ কোটি টাকাই অপচয় হবে।’ তিনি জানান, নদী খননের মাটি এমন অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে, যেখানে জনবসতি আছে, সেখানে রীতিমত মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।’
ফখরুল ইসলাম বলেন,‘নদী খনন হচ্ছে অপরিকল্পিতভাবে, পরিকল্পনা ছাড়াই মাটি ফেলা হচ্ছে। ধর্মপাশা গ্রামের শতাধিক পরিবার এমন বিপর্যয়ের মধ্যে পড়েছেন, তাদের বাড়ি ছাড়তে হবে। গ্রামের আশপাশের সকল কৃষি জমি নষ্ট হয়ে পড়েছে। পাকা সড়ক  ভেঙে গেছে। পানি নিস্কাশনের ড্রেন ভেঙে গেছে। নদীর অপর পাড়ে  (মোহনগঞ্জ অংশে) এখনো মাটি ফেলা হচ্ছে। কিন্তু এখানকার মানুষের বিপর্যয় দূর করার জন্য কোন উদ্যোগই নেওয়া হচ্ছে না।’
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বলেন,‘আমাদের এলাকার পাটের জমি মাটি ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। অথচ. উজান এলাকায় খননের সময় মাটি নদীর পাড়ে না ফেলে যারা টাকা দিচ্ছে, তাদেরকে পাইপ দিয়ে অনেক দূরে ডোবা ভরাট করে দেওয়া হচ্ছে।’ ধর্মপাশা গ্রামের আলমগীর হোসেনও একই কথা বললেন।sss
গ্রামবাসী জানালেন, ৩ কিলোমিটার নদী খনন না করার বিষয়ে এবং অপরিকল্পিত মাটি ফেলে জনপদে বিড়ম্বনা সৃষ্টির কথা বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী এবং খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এএমডিএল এবং এডিএলজেবিকে বার বার জানালেও তারা বিষয়টি আমলে নিচ্ছে না।
এলাকার এমন পরিস্থিতির কথা তারা স্থানীয় এলজিইডি ও কৃষি অফিসকে জানিয়েছেন। স্থানীয় এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম সরেজমিনে এলাকা পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদনও পাঠিয়েছেন।
উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন,‘খননের সময় অপরিকল্পিতভাবে মাটি ফেলায় ধর্মপাশা থানার সামনে থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল হেকিম চৌধুরী’র বাড়ি পর্যন্ত ৬ থেকে ৭’শ মিটার জায়গা ধসে গেছে। ধর্মপাশা- গোলকপুর সড়কের মেহরি এলাকা ধসে গেছে। এখানে একটি কবরস্থান ধসে পড়েছে।’ তিনি জানান, নদী খননের সময় ধর্মপাশার পাড়ের দিক থেকে মোহনগঞ্জের পাড়ের দিকে একটু সরে নদী খনন করলেই ধর্মপাশা গোলকপুর সড়ক প্রতিরক্ষা দেওয়ালসহ রক্ষা করা যেত। সরকারের বড় অংকের টাকার অপচয় হতো না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন,‘যেভাবে মাটি ফেলা হয়েছে তাতে ধর্মপাশার আশপাশের কিছু জমিতে এবার রূপা আমনের চাষাবাদ হবে না। কিছু পাটের জমি নষ্ট হয়েছে। ধর্মপাশা গ্রামের অনেক বাড়ি-ঘরেও সামান্য বৃষ্টি হলে পানি ঢুকে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।’
ঠিকাদারী প্রতিষ্ঠান এএমডিএল-এডিএলজেবি’র ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন,‘বিআইডব্লিউটি’এর দায়িত্বশীলরা আমাদের যেখানে মাটি ফেলার কথা বলেছেন, আমরা সেখানেই ফেলেছি।’
বিআইডব্লিউটি’এর সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন,‘আমরা নদী খননের কাজ করছি একোয়া মেরিন ও এশিয়ান ড্রেজার কোম্পানীর মাধ্যমে । ধর্মপাশার যে অংশটুকুতে খনন হয়নি, সেটি এশিয়ান ড্রেজারের করার কথা। দেড় মাস আগে এশিয়ান কোম্পানির ড্রেজার বিকল হয়ে নারায়ণগঞ্জ ডকে গেছে। ওখান থেকে মেরামত হয়ে আসলে ঐ অংশ খনন করা হবে।’ তিনি জানালেন, নদী খননের এই প্রকল্পতে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা যেখানে মাটি ফেলার নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে মসজিদ-মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে মাটি ফেলছি আমরা। মাটি বিক্রি করা হচ্ছে এমন তথ্য সঠিক নয়। ধর্মপাশা গ্রামে যেখানে মাটি ফেলা হয়েছে তারা এর বাড়ি, ওর ঘর ভরাট করতে বলছেন, এটি নদী খননের ড্রেজার মেশিন দিয়ে করা খুবই কঠিন কাজ। এভাবে করতে চাইলে আমরা নির্ধারিত সময় সীমা ২০১৮ সালের মধ্যে নদী খননের কাজ শেষ করতে পারবো না।’ তিনি দাবি করেন যেভাবে নদী খনন হচ্ছে তাতে চৈত্র মাসে নদীতে ১০ ফুট পানি থাকবে।