ধর্মপাশা উপজেলা যুবলীগ বিশ বছর পর কমিটি ঘোষণা পূর্ণাঙ্গ হয়নি এখনো

এনামুল হক এনি, ধর্মপাশা
দীর্ঘ বিশ বছর পর ধর্মপাশা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। সম্মেলনের দুই মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্টরা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ না করায় বিষয়টি নিয়ে যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছ। আদৌ এ কমিটি পূর্ণাঙ্গ হবে কি না এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তাঁরা।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের আগে বর্তমান ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শামীম আহমেদ বিলকিসের পর গোলাম ফারুক কিবরিয়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বর্তমান জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ২০ জুন জুবায়ের পাশা হিমুকে আহ্বায়ক করে সদস্য ৩৭ বিশিষ্ট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত বছরের ২৮ অক্টোবর ধর্মপাশা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে মোজাম্মেল হোসেন রোকন সাধারণ সম্পাদক হিসেবে ইকরাম হোসেনের নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। এ           
সময় খায়রুল হুদা চপল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী এক মাসের মধ্যে ধর্মপাশা উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক প্রমুখ।   
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এ প্রতিবেদককে সভাপতির সাথে কথা বলার জন্য বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন বলেন, সম্মেলনের পরপরই জেলা পরিষদ নির্বাচন চলে আসে। জেলা পরিষদ নির্বাচনে আমি ২নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারিনি। কয়েক দিনের মধ্যেই সাধারণ সম্পাদককে নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। আমি সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলব।