ধর্মপাশা মাস্টার বাড়ি সুফিয়া রহিম গণপাঠাগারে রচনা প্রতিযোগিতা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা মাস্টার বাড়ি সুফিয়া রহিম গণপাঠাগারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-আযহার দ্বিতীয় দিন বিকেল চারটায় উপজেলার হাসপাতাল রোডস্থ গণপাঠাগার প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গণপাঠাগারের উপদেষ্টা মো. আব্দুর রহিম।  গণপাঠাগারের সংগঠক গোলাম জিলানীর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবর’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক এনি, সুনামকণ্ঠ’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক চয়ন কান্তি দাস, দৈনিক উত্তরপূর্ব’র উপজেলা প্রতিনিধি সাজিদুল হক সাজু, তরুণ লেখক শাকিল আহমেদ মুন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের তিনজন ও মাধ্যমিক এবং স্কুল পর্যায়ের চারজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রচনা প্রতিযোগিতায় মোট ২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে পাঠাগারের উদ্যোগে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখার শিল্পী ও গণপাঠাগারের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।