ধর্মপাশা সরকারি কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সরকারি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানান। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজে গিয়ে অধ্যক্ষের সাথে কথা বলেন এবং যে সকল শিক্ষার্থী অতিরিক্ত অর্থ দিয়ে ভর্তি হয়েছে তাদের টাকা ফেরত দিতে অধ্যক্ষকে নির্দেশ দেন।
জানা যায়, গত ৪ ডিসেম্বর থেকে এ কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি ৪৮৫ টাকাসহ কলেজের সেশন ফি, বেতন, পরীক্ষার ফি, কলেজের বিভিন্ন উন্নয়ন খাতসহ বিবিধ ফি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। কিন্তু ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে নাদিয়া আক্তার, দেলোয়ার হোসেন, মো. বাঁধন মিয়াসহ ১৫/২০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি তাঁকে (ইউএনও) অবগত করে। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজে গিয়ে অধ্যক্ষের সাথে কথা বলে বিবিধ ফিসহ বিভিন্ন খাত থেকে ৩০০ টাকা কমিয়ে ২ হাজার ২০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করে দেন।
কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বলেন, ‘শতাধিক শিক্ষার্থী ২ হাজার ৫০০ টাকা দিয়ে ভর্তি হয়েছে। তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘ভর্তি ফি কমিয়ে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা আগের নির্ধারিত ফি দিয়ে ভর্তি হয়েছে তাদের অতিরিক্ত টাকা ফেরত দিতে অধ্যক্ষকে বলা হয়েছে।’