ধর্মপাশা সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে আমরা আশাবাদী হতে চাই

ধর্মপাশায় দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হবে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। কোরিয়ার দুইটি কোম্পানি এডিসান সোলেটিক কোম্পানি ও পাওয়ার পয়েন্ট এবং বাংলাদেশের হাওর বাংলা কোরিয়া গ্রীন এনার্জি মিলে ২৪০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এখান থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ সম্ভব হবে। পিডিবি এই বিদ্যুৎ কিনবে প্রতি ইউনিট ১৩ টাকা ৬০ পয়সা হারে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি পিডিবি ও বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি সম্পাদিত হয়েছে। সামনের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়ে ১৭ মাসের মধ্যে শেষ করা হবে বলে উদ্যোক্তাসূত্রে জানা গেছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ ১৩২ কিলোভোল্টের সঞ্চালন লাইন স্থাপন করা হবে। মোটামোটি সংক্ষিপ্তভাবে এই হলো ধর্মপাশায় স্থাপিতব্য সৌরবিদ্যুৎ প্রকল্পের অবস্থা। স্পষ্টতই বুঝা যায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে ধর্মপাশার আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। সর্বোপরি দেশের বিদ্যুৎ সেক্টর অতিরিক্ত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাবে। তাই আমরা সুনামগঞ্জ তথা বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক এই প্রকল্পটির বাস্তবায়ন কামনা করি।
বেসরকারি উদ্যোগে ২৪০০ কোটি টাকার একটি প্রকল্পকে কোন অবস্থাতেই ছোট প্রকল্প বলার অবকাশ নেই। এটি একটি বিশাল প্রকল্প। উদ্যোক্তারা কতটুকু দক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেন তার উপর নির্ভর করবে এ থেকে সুফল পাওয়ার বিষয়টি। সকলেই জানেন সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সারা বিশ্বেই সমাদৃত। কিন্তু এর খারাপ দিক হলো এটি অতিমাত্রায় ব্যয়বহুল।  ১৩ টাকা ৬০ পয়সা হারে পিডিবি বিদ্যুৎ কিনে ভর্তুকি দিয়ে গ্রাহক পর্যায়ে সরবরাহ করবে। বিশাল লোকসানের বোঝা নিয়ে এটি চালিয়ে যাওয়া কতোদিন সম্ভব হবে তা নিয়েও সন্দেহ রয়েছে সকলের। এরকম বাস্তবতায় একটি বেসরকারি উদ্যোগ যদি সফলতা অর্জন করে তাহলে সকলেই খুশি হবেন।
ধর্মপাশা এলাকাটি যেমন কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ তেমনি এখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। সুনেত্র গ্যাসফিল্ডে প্রচুর পরিমাণ গ্যাসের মওজুদ বিবেচনা করে বাপেক্স এখানে খনন কাজ শুরু করেছিলো। কিন্তু রহস্যজনক কারণে শেষ পর্যায়ে এসে তারা ঘোষণা দেয় সুনেত্র এলাকায় গ্যাসের মওজুদ বাণিজ্যিক বিবেচনায় লাভজনক নয়। এই ঘোষণাকে মানুষ শতভাগ বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের গ্যাসসম্পদ নিয়ে বিদেশিদের নানামুখী তৎপরতার সাথে সুনেত্র গ্যাসফিল্ডের পরিত্যক্ত ঘোষণাকে মিলিয়ে দেখছেন অনেকে। কথিত সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে যাতে অনুরূপ কোন নেতিবাচক তৎপরতা না হয় সেই বিশ্বাস ধরে রাখতে চাই আমরা।
তবে বর্ণিত প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে যাতে ধর্মপাশার প্রাকৃতিক ও প্রতিবেশগত অবস্থা বিন্দুমাত্র ঝুঁকির মধ্যে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখা আবশ্যক। কৃষি ও মৎস্যসম্পদ হলো ধর্মপাশার প্রাণ। এই দুই খাতের কোন ক্ষতি হয় এরকম কাজ থেকে বিরত থাকতে হবে। স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ যতটুকু পারা যায় করে দিতে হবে, যদিও এসব প্রকল্পে প্রায় সবকিছুই হয়ে থাকে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার করে। সারা দেশের প্রতিটি পরিবারে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি। প্রতিদিনই দেশে বিদ্যুতের সঞ্চালন এলাকা বাড়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এগিয়ে চলেছে। ধর্মপাশা সৌরবিদ্যুৎ প্রকল্পটি সেই লক্ষ্যপূরণে সহায়ক হোক এই কামনা আমাদের।