ধর্ষকসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল জগন্নাথপুর

অমিত দেব ও আলী আহমদ, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়ে আত্মহননের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। সোমবার দুপুরে জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মানববন্ধন করে ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকের গ্রেপ্তার এবং ফাঁসি দাবি করেছে। মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত আসামীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত মঙ্গলবার ধর্ষণের শিকার হয়ে জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুমেনা বেগম বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর (কবিরপুর) গ্রামের কৃষক আকলুল মিয়ার মেয়ে রুমেনা বেগমকে গত ২৭ জুলাই দুপুর আড়াই টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুস মিয়া (২৮) জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এসময় সিএনজিতে আরো ৩ যুবক ছিল। পথে একটি নির্জন বাড়িতে নিয়ে বখাটেরা মেয়েটিকে ধর্ষণ করে। মঙ্গলবার রাতে বিষপানে আত্মহত্যা করে রুমেনা। মর্মস্পর্শি এই ঘটনায় জগন্নাথপুরের শিক্ষার্থী-অভিভাবকসহ সকলেই ক্ষুব্ধ হয়েছেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন রুমেনার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীরা-বিক্ষোভ এবং কলেজ        চত্বরে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ আব্দুন নূর, প্রভাষক আব্দুর রউফ, এসআই লুৎফুর রহমান, শিক্ষার্থী মাছুম আহমদ, মিঠু রায়, মিছবাহ্ উদ্দিন, জাবির চৌধুরী, নিলু মিয়া, জুনেদ আহমদ, আকমল হোসেন, নাজমা বেগম, শাজাহান মিয়া, ইতি দেব নাথ, আঁখি রানী ধর, পপি জাহানারা প্রমুখ। এর আগে রুমেনার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
রুমেনা’র সহপাঠী পপি জাহানারা বললো, ‘রুমেনা নিরীহ প্রকৃতির ছিল, সকলের সঙ্গে মেলা- মেশা এবং ভালো সম্পর্ক রেখেই চলতো সে। তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা কয়েকদিন অপেক্ষা করেছি। সপ্তাহ পার হয়ে যাচ্ছে, আসামী গ্রেপ্তার হচ্ছে না। তাই রাজপথে নেমেছি আমরা।’ একই মন্তব্য করলো রুমেনার সহপাঠী ইতি ও আঁখি।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুন নূর বলেছেন, ‘এ ধরনের বখাটের শাস্তি না হলে, অন্য বখাটেরা উৎসাহিত হবে। ছাত্রীরা কলেজে আসতে ভয় পাবে’।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন দাবি করলেন, পুলিশ আসামীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। ইতিমধ্যে আসামী’র সন্ধান দিলে ১০ হাজার টাকা পুরস্কারও পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।