জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক কলেজছাত্রী সোমবার রাতে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালে নিহত কলেজ ছাত্রী’র বাবা এই বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে জানিয়েছেন। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর (কবিরপুর) গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী’র নাম রুমেনা বেগম। সে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর (কবিরপুর) গ্রামের কৃষক আকলুল মিয়ার মেয়ে। মঙ্গলবার রাতে নিহত রুমেনার লাশ সিলেট থেকে চাঁনপুর গ্রামে পৌঁছার কথা।
মঙ্গলবার দুপুরে রুমেনার বাবা আকলুল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘গত ২৭ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটায় চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুস মিয়া (২৮) জোরপূর্বক রুমেনাকে গাড়িতে তুলে নেয়। এসময় সিএনজিতে আরো ৩ যুবক ছিল। পথে একটি নির্জন বাড়িতে নিয়ে বখাটেরা মেয়েটিকে উপর্যুপরি ধর্ষণ করে’।
এ ঘটনার পর মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন পর পরিবারের লোকজনকে রুমেনা বিষয়টি জানালে বাবা আকলুল মিয়া গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার ধর্ষক ইউনুসের বাবা আবু মিয়াসহ ঐ পরিবারের অন্যদের বিষয়টি জানান। এসময় আবু মিয়াসহ পরিবারের সদস্যরা আকলুল মিয়াকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এ নিয়ে দুইপক্ষ ঝগড়ায় লিপ্ত হলে গ্রামের বয়োজ্যেষ্ঠ প্রভাবশালী সালিসকারক আরিফ উল্লা দুই পক্ষকে শান্ত করে বলেন,‘বিষয়টি সালিসে দেখবেন তারা’।
এর মধ্যেই সোমবার সকাল ১০ টায় বিষ পান করে রুমেনা। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সোমবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, মেয়েটি টিউশনী করে নিজের লেখাপড়া চালানোর পাশাপাশি পারিবারিক খরচ চালাতে বাবাকে সাহায্য করত। সে খুবই শান্তিপ্রিয় ছিল।
নিহত রুমেনার বড় বোন রুনা বেগম বলেন, ‘মাস খানেক আগে আমার বোন চকাছিমপুর গ্রামে টিউশনী করত। ওই সময় বখাটে ইউনুস তাকে উত্যক্ত করে আসছিল। তার যন্ত্রণায় সে টিউশনী ছেড়ে দেয়। কিন্তু বখাটের হিংস্্র থাবা থেকে রক্ষা পায়নি আমার বোন। তার নির্যাতনের কারণে সে আত্মহত্যা করেছে।’ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. জামিল জানান, ‘মেয়েটি ইদুরের বিষ পান করেছিল’।
চাঁনপুর গ্রামের সালিসকারক আরিফ উল্লা বলেন,‘এরা দুই পরিবারই একে-অপরের আত্মীয়। এখন আবার নতুন করে আত্মীয়তা করতে চায়। গত বৃহস্পতিবার রাতে রুমেনার বাবা এসে আমাকে নালিশ জানিয়েছিল। আমি বলেছি, আমরা এই বিষয়ে বসে মিমাংসা করে দেব, এর মধ্যেই এই ঘটনা ঘটেছে’। ধর্ষণের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।
এব্যাপারে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুীর বলেন,‘ধর্ষণের বিষয়টি পরিস্কার হওয়া যায়নি। তবে এরা দু’জনের প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি আমরা।’
তিনি জানান, স্টেশনে না থাকায় এই বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।
থানার ওসি (তদন্ত) মঈন আহমদ জানান, নিহত ছাত্রী’র বাবা এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে মামলা লিখে আনবেন বলে জানিয়ে গেছেন।
- যুক্তরাজ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- এখনো খালেদা-তারেকের সঙ্গে দেখা হয়নি
- গণসংস্কৃতি চর্চার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিৎ


