ধর্ষণ মামলায় মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)।
নির্যাতিতা তার দায়ের করা মামলায় দাবি করেছেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী তিনি। সুনামগঞ্জ শহরের আলীপাড়া আবাসিক এলাকায় ১০ বছরের শিশু কন্যাসহ ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের বোনের বাসায় ভাড়া থাকতেন তিনি। গত ১০ এপ্রিল প্রথমে আবু হেনা আজিজ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে তিনি তাকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন। এক পর্যায়ে তিনি অন্তস্বত্বা হয়ে পড়েন।
আবু হেনা আজিজ উপস্থিত থেকে শহরের একটি ক্লিনিকে সম্প্রতি তার ৩ মাসের গর্ভের সন্তান নষ্ট করান।
নির্যাতিতা এমন ঘটনার বিচার দাবি করেন মামলায়। এই মামলায় রোববার সকালেই আবু হেনা আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আবু হেনা আজিজ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, আবু হেনা আজিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।