ধর্ষিতা সংশোধনাগারে-২০ দিনেও ধরা পড়েনি ধর্ষক

স্টাফ রির্পোটার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের স্কুল ছাত্রী  ধর্ষণের ঘটনার ২০ দিন পার হয়ে গেলেও গ্রেফতার হয়নি ধর্ষক রিয়াজ। রিয়াজকে ধরতে বা তাঁর গতিবিধি অনুসন্ধানে পুলিশের তৎপরতা তেমনটা চোখে পড়ছে না বলে অভিযোগ ধর্ষিতার পরিবারের। ধর্ষণের পর দিন ছাত্রীর বাবা বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করলেও মামলাটি উঠানোর জন্যে স্থানীয় প্রভাবশালী মহলের পক্ষ থেকে হুমকি  দেয়া হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়।
ধর্ষণের ঘটনা নিশ্চিত করতে ভিকটিমকে  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ধর্ষণ সনাক্তকরণাগারে পাঠানো হয়েছিল। মেয়েটি বাবার বাড়ি যেতে রাজি না হওয়ায় আদালতের নির্দেশে তাকে সিলেট সংশোধনাগারে রাখা হয়েছে। ঘটনার ২০ দিন পার হলেও রিপোর্টটি এখনও হাতে আসেনি । তদন্ত রিপোর্ট হাতে পেতে দেরি হওয়ায় মানসিক অস্বস্তিতে ভোগছেন  ভিকটিমের পরিবার।
স্কুল ছাত্রীর বাবা বলেন, আমি গরিব মানুষ। আমার মেয়ের এত বড় ক্ষতি করল। আমি বিচার চাইতে থানায় মামলা   
করায় আমাকে গ্রামের প্রভাবশালী মহল নানা হুমকিধামকি দিয়ে আসছে। খুব কষ্ট করে একবার পুলিশ আনছিলাম কিন্তু আর পুলিশের দেখা নাই। আসামী হাতের কাছে ঘোরাফেরা করছে। আমি সুবিচার চাই। আমার মেয়ের ভবিষ্যতের নিরাপত্তা চাই।
এদিকে ঘটনার পর সময় গড়াতে থাকলেও আসামী গ্রেফতারের কোন তৎপরতা দেখা না গেলেও মামলাটি ডিবি গোয়েন্দা বিভাগে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমীন বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে। ভিকটিমকে কোর্ট কাস্টডিতে রাখা হয়েছে। মামলার আইও (ইনভেস্টিগেশন অফিসার) বেশ কয়েকদিন ছুটিতে ছিল। তারপরও আমরা আসামী গ্রেফতারের চেষ্টা করছি। অচিরেই মামলাটি ডিবি গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য গত ২৪ শে জানুয়ারি(মঙ্গলবার) রাতে দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। এক দশম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে একই গ্রামের তাজনূরের ছেলে রিয়াজ আহমদ রুপন।  পরে বিয়ে করবে না বলে তাড়িয়ে দিতে চাইলে মেয়েটি তাঁর বাড়িতে অবস্থান করে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ  তাকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।