ধামাইলের ঐতিহ্য রক্ষায় কাজ করছেন পিকলু

দিরাই সংবাদদাতা
গ্রামীণ বিয়ে-পালা-পার্বন কিংবা সামাজিক অনুষ্ঠানে এক সময়ে জনপ্রিয় ছিল ধামাইল গান। সংস্কৃতির পৃষ্ঠপোষকতার অভাব আর ফেসবুক, ইউটিউবে ভিউ বাড়াতে ধামাইল গানের চরম বিকৃতি হচ্ছে। আর এই ধামাইল গানের সঠিক বিস্তার, সংরক্ষণ, চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছেন তরুণ ধামাইল সংগঠক পিকলু সরকার।
তরুণ ধামাইল সংগঠক পিকলু সরকার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের নগেন্দ্র সরকারের ছেলে। তিনি সিলেট এমসি কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স, মাস্টার্স করেছেন।
জানা যায়, দীর্ঘ ৯ বছর ধরে ভাটির ঐতিহ্য ধামাইল নিয়ে কাজ করে যাচ্ছে পিকলু। ধামাইলের গতি ত্বরান্বিত করতেই তিনি ছুটে চলেছে ভাটির প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে। গঠন করছে একাধিক ধামাইল দল।
ভাটির গ্রামগুলোতে হাওরাঞ্চলের বিয়ের আনুষ্ঠানিকতায় সুদীর্ঘকাল ধরে চর্চিত হয়ে আসা এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হচ্ছে ‘ধামাইল গান’। আর এই ধামাইল গান ছড়িয়ে দিতে পিকলু প্রায়ই আয়োজন করেন ধামাইল গানের আসর। ধামাইল গান সংগ্রহ, সংরক্ষণ, চর্চা ও বিকাশে ধামাইল গানের দলগুলোকে সাথে নিয়ে সে কাজ করছেন তিনি।
গত ১৬ এপ্রিল ধামাইল গান সংগ্রহ, সংরক্ষণ, চর্চা ও বিকাশ মানোন্নয়নে বাংলাদেশ শিল্পকলা অনুমোদিত ‘ধামাইল উন্নয়ন পরিষদ বাংলাদেশ’ এর আহবায়ক কমিটি গঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন কে আহবায়ক, সংগীত শিল্পী চিনু চক্রবর্তী কে যুগ্ম আহবায়ক ও ধামাইল সংগঠক পিকলু সরকার কে সদস্য সচিব করে কমিটি অনুমোদন হয়।
পিকলু সরকার বলেন, আমরা খুব শিঘ্রই ধামাইল গানে ইউনেস্কোর স্বীকৃতি আশা করছি। আমাদের পাশে আছেন শ্রদ্ধেয় গুরুজনেরা। প্রতিটা মেয়ে যাতে ধামাইল গানে আগ্রহী হয় আমরা তা নিশ্চিত করব। ধামাইল গান ধামাইলের মতো থাকবে, নৃত্য করতে চাইলে তার একটা সীমানা থাকবে। পুরাতন ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদের।
নবগঠিত ধামাইল উন্নয়ন পরিষদ বাংলাদেশের আহবায়ক দেবদাস চৌধুরী রঞ্জন বলেন, পিকলু একজন তরুণ সংগঠক। ভাটির প্রত্যন্ত অঞ্চলে ধামাইল সংগঠক হিসেবে সে অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য পুরাতন ধামাইল গান সংগ্রহ, সংরক্ষণ, চর্চা ও বিকাশ। ধামাইল যেন আধুনিকতার ছোঁয়ায় পুরাতন ছন্দ না হারায়। সৃজনকর্তা রাধারমণের বিশাল সৃজনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। প্রবীণ মুরুব্বী যারা আছেন, মা, কাকী, পিসি— যারা সব সময় ধামাইল গেয়ে থাকেন তাদের থেকে সঠিক তথ্য খোঁজে বের করার চেষ্টা করব। ধামাইল যেন ভাটির ঘরে ঘরে বিকশিত হয় সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।