ধোপাজানের বিদ্যমান সংকট দূর করে শান্তিপূর্ণ অবস্থা তৈরি করুন

জেলার রাজস্ব আহরণকারী প্রধান উৎস ধোপাজান বালু-পাথর মহাল নিয়ে আবারও অশান্ত পরিবেশ তৈরি হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এই জায়গাটিতে বহুপক্ষের রুজি রোজগারের প্রশ্ন জড়িয়ে রয়েছে বলে বারবার বিষয়টি জনসন্মুখে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। এখানে যেমন স্বার্থ রয়েছে ইজারাদারের তেমনি স্বার্থ রয়েছে ব্যবসায়ী, পরিবহণ মালিক-শ্রমিক, বারকি শ্রমিক এমন সব পক্ষসমূহের। সর্বোপরি সরকারও এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করতে পারেন। সম্প্রতি যে বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে সেটি হলো একই বালু-পাথর মহালের দুই ইজারাদার পক্ষ নিজেদের বৈধ দাবি করে দুইটি ভিন্ন স্পটে বালু-পাথরবাহী নৌযান থেকে টুল আদায় করছেন। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এর বিরুদ্ধে একটি প্রতিরোধ তৈরি করেছেন এবং তাঁরা বৈধ ইজারাদার চিহ্নিত করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবির মধ্যে যৌক্তিকতা রয়েছে। কারণ একটি মহালের একইসাথে দুই ইজারাদারের অস্তিত্ব থাকতে পারে না। সংবাদপত্রে প্রকাশিত তথ্য মোতাবেক কিছুদিন যাবৎ এই মহালের বৈধ ইজারাদার দাবি করে যারা টুল আদায়ে নিয়োজিত রয়েছেন তাদের একটি পক্ষ ‘সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধোপাজান নদীর বালু মিশ্রিত পাথর কুয়ারির ইজারাদার’ এবং অন্য পক্ষটি হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা ও একটি রিটের বরাত দিয়ে ‘সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধোপাজান নদী বালু মহালের ১৪২৩ বাংলা সনের ইজারাদার’ হিসাবে পরিচয় দিচ্ছেন। ব্যবসায়ীরা কাকে বৈধ ইজারাদার গণ্য করবেন এটি খুবই যুক্তিসঙ্গত বিষয়। সুতরাং প্রশাসনের উচিত শীঘ্রই বিষয়টির আইনসঙ্গত সমাধান দেওয়া।
জেলা সুনামগঞ্জের অর্থনৈতিক কর্মকা-ের অন্যতম ভিত্তি হচ্ছে ধান, মাছ, বালু-পাথর ও কয়লা। এরমধ্যে কয়লা আমদানির বিষয়টি এখন কঠিন সংকটের মধ্যে পড়েছে। কয়লা আমদানী কেন্দ্রগুলোর কয়েক হাজার শ্রমিক, ব্যবসায়ী বেকার বসে আছেন। অন্যদিকে জেলার বহু বালু-পাথরমহাল ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কোনমতে যেগুলো এখনও টিকে আছে তার মধ্যে ধোপাজান অন্যতম। অন্যদিকে বাঁধ ভেঙ্গে ও অকাল বন্যায় ফসলহানি এবং মূল্যসংকটের কারণে বোরো ধান আবাদকারী কৃষকদের মেরুদ- ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মৎস্যক্ষেত্রও সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং জেলার অর্থনৈতিক কর্মকা-ের প্রাকৃতিক উৎসগুলো এখন বিকাশমান নয়, বলা চলে এগুলো ¤্রয়িমান। এমন অবস্থায় দোপাজান বালু মহালে সংকটের মাত্রা গভীর হলে বিশেষ করে এর সাথে জড়িত কয়েক হাজার শ্রমিকের জীবিকা ধ্বংস হবে। এরকম অবস্থা আমাদের কাম্য নয়। এজন্য বিষয়টির মিমাংসা আবশ্যক।
ধোপাজানের এইসব সংকট নিয়ে যাতে ইজারাদার পক্ষদ্বয় কিংবা ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কোন ধরনের সম্পর্কের অবনতি না ঘটে সেটিও দেখার বিষয়। এই সম্পর্কের অবনতি ঘটলে এখানে অশান্ত পরিবেশ তৈরি হতে পারে। অতীতে এখানে ছোট-বড় আকারের নানা সংঘর্ষ ও রেশারেশি কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা দেখা গেছে। আইনসঙ্গতভাবে ইজারাদার সংক্রান্ত বৈধতা এবং টুল আদায়ের হার নির্ধারিত হলেই কেবল এই ধরনের সংকটের আশঙ্কা হ্রাস পাবে। এখানে বারকি শ্রমিকদেরও এক ধরনের দাবি-দাওয়া রয়েছে। প্রশাসনের উচিত বিরাজমান পক্ষগুলোর যারা যার ন্যায়সঙ্গত দাবিগুলো বাস্তবায়িত করা।
সংকট নিরসনের একমাত্র উদ্দেশ্য হলো জেলার অর্থনৈতিক কর্মকা-ের একটি উৎসকে যাবতীয় ঝুঁকি ও দুর্দশা থেকে মুক্ত রেখে কিছু মানুষের জীবন-জীবিকার পথকে সুগম রাখা। অন্যদিকে এই মূল্যবান মহালটি থেকে যাতে সরকার উপযুক্ত রাজস্ব পেতে সক্ষম হয় সেটিও নিশ্চিত করা প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা আশা করি ধোপাজানের বিদ্যমান সমস্যা নিয়ে একটি উপযুক্ত সমাধানসূত্র কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবেন।