স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের অর্ন্তগত ধোপাজান ও চলতি নদীর পুরান মথুর কান্দি গ্রামের পেলপুর ঢালার বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন দ্বারা বালু পাথর উত্তোলন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নে রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং এলাকার মুক্তিযোদ্ধা পরিবারগুলো। বুধবার সকাল ১১ টায় চলতি নদীর পাড়ে ঢালা বেড়িবাঁধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,ধোপাজান ও চলতি নদীতে বালু ও পাথর উত্তোলনের বিষয়ে হাইকোর্টের রীট অনুযায়ি অবৈধ
ঘোষণা করা হলেও একটি প্রভাবশালী মহল স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে প্রকাশ্যে নদীতে বালু ও পাথর উত্তোলন করেন। বালু উত্তোলন করায় প্রতিবছর ইউনিয়নের ১০টি গ্রামজুরে ভাঙ্গন দেখা দিচ্ছে। ইতোমধ্যে মথুরকান্দি থেকে পেলপুর পর্যন্ত এলাকার ২ কিলোমিটার বেড়িবাঁধ ধ্বংসের মুখে। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে বালু-পাথরখেকোরা নানা ধরনের অত্যাচার করে থাকেন।
রতার গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মোহন মিয়া বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহসিন আহমদ ইয়াসিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহরম আলী, মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন, সহকারি শিক্ষক মঙ্গল সিন্হা শুভ, আব্দুল কদ্দুস, ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাসিম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আনোয়ার নার্গিস, জান্নাতুল মাজাহুর মীম,শিক্ষার্থী সালমা আক্তার, আজিজুল ইসলাম মিলন, রিপন আহমদ,প্রমুখ।


