ধোপাজান বালু পাথর মহালে কাজ শুরু

স্টাফ রিপোর্টার
খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে ইজারাকৃত ধোপাজান বালু মিশ্রিত পাথর মহালে সীমানা নির্ধারণী পতাকা টানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বেগম সোনিয়া সুলতানা। রোববার মহালে গিয়ে তিনি সীমানা নির্ধারণী পতাকা টানান।
এর আগে শনিবার মহালের সীমানা নির্ধারনকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম,  পুলিশ সুপার মো. বরকত উল্লাাহ্ খান, বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি)সহ দায়িত্বশীলরা শ্রমিকদেরকে ধোপাজান বালু মিশ্রিত পাথর কোয়ারির সীমানা নির্ধারণ করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা জানান, সীমানা নির্ধারণ করার পর  
রোববার সেখানে গিয়ে আবার সীমানা চিহিৃত করে দেওয়া হয়েছে।
এদিকে, বারকী শ্রমিক সংঘের সভাপতি নাছির উদ্দিন বলেন,‘সীমানার ভেতরে যারা স্টিলবডি দিয়ে বালু উত্তোলন করে তারা রোববার বালু উত্তোলন করতে পেরেছে। কিন্তু আমরা যারা বারকী শ্রমিকরা পাথর উত্তোলন করি, তাদেরকে পাথর উত্তোলন করতে দেননি বিজিবি’র জওয়ানরা। তারা বলেছেন, পাথর উত্তোলন করতে হলে অনুমতি আনতে হবে।’
সীমানা সংক্রান্ত জটিলতায় গত কয়েকদিন শ্রমিকরা ধোপাজান বালু পাথর মহালে কাজ করতে পারেননি।