নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে: কাদের

সু.খবর ডেস্ক
নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধিনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের মতো এবারও ভুল করলে বিএনপি আরও কতটা সংকুচিত হবে- তা তাদের মধ্যে যাদের বুদ্ধি আছে, তারা বিষয়টি ভালো করেই জানেন।’ মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘সিভিল ফেস্ট-২০১৭’র সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি করেছিলেন। এই কমিটির সুপারিশে রাষ্ট্রপতি যে  সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আওয়ামী লীগের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল। তার থেকে পাঁচজনকে নিতে হবে। সার্চ কমিটিকে আওয়ামী লীগ পাঁচটি নাম দিয়েছিল, বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজন এবং আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। অন্যান্য দলের দেওয়া নাম হতেও নেওয়া হয়েছে। তাহলে এখান বৈষম্য কোথায়? তবু বিএনপি সমালোচনা ছাড়তে পারেনি। তারা যেসব নাম প্রস্তাব করেছে, তার সবাইকে নিয়ে ইসি গঠন করা হলেও বিএনপি বলতো আমরা মানি না, মানবো না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের সুশীলসমাজ ও বুদ্ধিজীবী সমাজও নতুন ইসিকে একবাক্যে অভিনন্দন জানাচ্ছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলে, ‘বিএনপি নতুন প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে? বিএনপির একটি পুরনো অভ্যাস হচ্ছে ‘সালিশ মানি তালগাছটা আমার।’
এর আগে সিভিল ফেস্টের সমাপনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হয়েছি বলে ঘুমিয়ে থাকবো, ঘরে বসে আর মঞ্চে থাকবো- তা হয় না। আমি রাস্তার মন্ত্রী। প্র্যাকটিক্যালি কাজের মন্ত্রী হতে চাই।’
সেতুমন্ত্রী বলেন, ‘পরিশ্রমের বিকল্প নেই। আমাকে সবাই বলে সফল মন্ত্রী। কিন্তু আমি যখন চোখের সামনে যানজটের লম্বা লাইনে বাসের মধ্যে বৃদ্ধ লোকের অসহায় চোখের দিকে তাকাই অথবা সন্তান কোলে কোনো মাকে যানজটে আটকে থাকতে দেখি, তখন নিজেকে সফল মনে করি না।’
তিনি আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার চোখের সামনে মাছির মত মানুষ মরছে। এখনো রাস্তায় বেপরোয়া গাড়ি চলছে। নিয়ন্ত্রণে আনতে পারিনি। এ কারণে আমি নিজেকে সফল বলতে পারি না।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ প্রমুখ।