নতুন কমিটি নিয়ে বহুমুখী তৎপরতা

বিন্দু তালুকদার
কেন্দ্রীয় ছাত্রলীগের বেঁধে দেয়া সময়ের মধ্যে জেলা-উপজেলা সম্মেলন করা সম্ভব না হওয়ায় জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে নিরবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগের একাধিক বলয়ের নেতা-কর্মীরা। পদ-পদবী পাওয়ার দাবি নিয়ে ব্যক্তিগতভাবে চেষ্টা-তদবির ও লবিং করছেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রলীগের মধ্যম সারির ও জুনিয়র নেতারা সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য জোর চেষ্টা করে যাচ্ছেন। নতুন কমিটি গঠন ও পদ বাগাতে নেতৃবৃন্দ ইতোমধ্যে বেশ কয়েকবার রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। আবার অনেকেই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে দেখা করেছেন। কেউ কেউ মুঠোফোনে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে কেন্দ্রে যোগাযোগ ও তদবির-লবিং করছেন বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সহ সভাপতি আরিফুল আলম আরিফ, সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু, সহ সম্পাদক নাজমুল হক কিরণ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, ও বরুণ কান্তি দে, উপ প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী রুমেন ও জেলা ছাত্রলীগ নেতা অভিজিৎ চৌধুরী পিংকু।
সাধারণ সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছেন তারা হলেন, জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল, জেলা ছাত্রলীগ নেতা রয়েল আহমদ, রাজু দেব নাথ, ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে। এছাড়াও ছাত্রলীগ নেতা  দেওয়ান জিসান রেজা চৌধুরী সভাপতি বা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে বলেন,‘জেলা ছাত্রীগের কোন কার্যক্রম নেই। জেলা কমিটি গত ৬ বছরেও উপজেলা পর্যায়ে সম্মেলন করতে পারেনি। তাই আমরা ছাত্রলীগের নতুন কমিটি ও নতুন নেতৃত্ব চাই, নেতৃত্বে পরিবর্তন চাই আমরা। কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান অবস্থা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ইতোমধ্যে বেশ কয়েকবার অবগত করেছি।’
ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান রেজা চৌধুরী বলেন,‘ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হলে আমি নতুন কমিটির একটি পদে প্রার্থী হব। তবে যে পদেই প্রার্থী হই তা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই হব।’
জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল বলেন,‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি আমাকে যোগ্য মনে করেন এবং সংগঠনের কোন দায়িত্ব প্রদান করতে চান তাহলে আমি একজন প্রার্থী হিসাবে সেই গুরুদায়িত্ব মেনে নিতে রাজী আছি।
সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন বলেন,‘বর্তমান জেলা ছাত্রলীগ অগোছোলো, হযবরল অবস্থায় আছে। গত ৫ বছরে জেলার বিভিন্ন উপজেলা ও কলেজের সম্মেলন ও কমিটি গঠন করতে পারেনি। তাই সংগঠনের প্রয়োজনেই নতুন জেলা কমিটি গঠন জরুরী। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে নতুন জেলা কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করলে আমি তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর আদর্শে শক্তিশালী একটি সংগঠন তৈরি করব।’
উপ প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী রুমেন বলেন,‘আমাদের জেলা ছাত্রলীগের আরো যে কয়টি ইউনিট কমিটি রয়েছে সেই কমিটিগুলা গঠন করে যত শিঘ্র সম্ভব জেলা সম্মেলনের জোর আহবান জানাচ্ছি।’
সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু বলেন,‘সম্মেলন করেই হোক বা কেন্দ্র থেকে কমিটি দেয়াই হোক যেভাবেই নতুন কমিটি করা হোক আমি নতুন জেলা কমিটির সভাপতি পদে একজন প্রার্থী। জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ যদি আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করেন আমি যথাসাধ্য এই দায়িত্ব পালনের চেষ্টা করব।’
সহ সম্পাদক নাজমুল হক কিরন বলেন,‘ জেলা ছাত্রলীগের অনেকগুলো ইউনিটে কমিটি নেই। কমিটি না থাকায় তৃণমূলের ছাত্রলীগ প্রায় ধ্বংসের মুখে। সংগঠনের কর্মকান্ডে কোন গতিশীলতা নেই। তাই আমরা চাই জেলা ছাত্রলীগের সম্মেলন দ্রুত সম্পন্ন হোক। সম্মেলনের মাধ্যমে নতুন ও তরুণ নেতৃত্ব বের হয়ে আসুক। আমি সভাপতি পদে একজন প্রার্থী।’
সহ সভাপতি আরিফ উল আলম বলেন,‘আমি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর সব সময়ই শ্রদ্ধাশীল, আমাকে যোগ্য মনে করে যদি সভাপতির দায়িত্ব দেয়া হয় তাহলে আমি বাংলাদেশ ছাত্রলীগের ১০১ টি সাংগঠনিক ইউনিট এর মাঝে সুনামগঞ্জ জেলা শাখাকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করতে কাজ করে যাবো।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় আমাদেরসহ সকল জেলাকেই নির্দেশনা দিয়েছিলেন ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে প্রতিটি ইউনিটে সম্মেলন ও নতুন কমিটি গঠনের । কেন্দ্রীয় নির্দেশনায় আমরা সকল ইউনিট পর্যায়ে সম্মেলন ও কমিটি গঠনের কাজ খুব শিঘ্রই শুরু করব। সকল ইউনিটে সম্মেলন ও নতুন কমিটি গঠনের পরপরই জেলা সম্মেলন করা হবে। আমরাও চাই জেলা ছাত্রলীগ আরো সুন্দর ও গতিশীল হয়ে উঠুক। জেলা ছাত্রলীগ আগোছালো ও হযবরল বলে যা বলা হচ্ছে তা  মোটেও সঠিক নয়। আমরা সাংগঠনিকভাবে যা করছি তা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় করছি এবং সবকিছুই কেন্দ্রকে অবগত করেই করছি।’
উল্লেখ্য, গত ২০১০ সালের অক্টোবর ফজলে রাব্বী স্মরণকে সভাপতি, রফিক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। পরে ২০১৪ সালের ১ এপ্রিল ১১ সদস্য বিশিষ্ট কমিটি বর্ধিত করে ১২১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ২০১৫ সালের ৩১ জানুয়ারি ও ২১ জুন দুই বার জেলা ছাত্রলীগের সম্মেলন করার তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ প্রসঙ্গে বলেছিলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও জেলা সম্মেলন করা সম্ভব না হলে কেন্দ্র থেকে নতুন কমিটি গঠন করে দেয়া হবে।