‘নতুন ‍মুখ নয়, অভিজ্ঞরাই গুরুত্ব পাচ্ছেন’

সু.খবর ডেস্ক
আগামী মে ও জুনে ইউরোপের মাটিতে টাইগারদের লম্বা সূচি রয়েছে। আয়ারল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এরপর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আগামীকাল দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ দেখতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অভিজ্ঞরাই গুরুত্ব পাবেন। শোনা যাচ্ছে, ১৮ সদস্যের দলে জায়গা পেতে পারেন দীর্ঘদিন দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, দলে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দল প্রস্তুত করাই আছে। ওয়ানডেতে আমরা ভালো করছি। এই সফরে নতুন মুখের সম্ভাবনা নেই। আমাদের মনে রাখতে হবে যে খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। এখানে আমরা অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, ওখানে আমরা ফ্ল্যাট উইকেট পাব। প্রিমিয়ার লিগে ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি ভালো দিক। কারণ, ব্যাটসম্যানরা এখান থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। বোলাররাও বুঝতে পারছে যে এমন উইকেটে স্লগ ওভারে কিভাবে বোলিং করতে হবে।
আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এটি শেষ হবে আগামী ২৪ মে। আর আগামী ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই দুইটি আসর সামনে রেখে আগামী ২৬ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে দশদিনের অনুশীলন ক্যাম্প করবেন মাশরাফিরা।