নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলায় সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক কবির মিয়া (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জ থেকে আসা ডুবরি দল তার মরদেহ উদ্ধার করে।
করিব মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী ওরফে মনু মিয়া’র ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কবির মিয়া গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে যান। এসময় তার সঙ্গে আরও অনেকেই গোসলে যান। গোসল করতে নদীতে নেমে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি কবির। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সংবাদ পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশী হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে যান।
পরে শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।