নদীর কূল উপচে নিন্মাঞ্চল ডুবছে

বিশেষ প্রতিনিধি
বৃষ্টি হলে পানি বাড়ে, এই অবস্থায় আছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। জেলার ৬ টি উপজেলার হাওরগুলোরও টইটুম্বুর অবস্থা। এই অবস্থায় বৃষ্টিপাত ও ভারিবর্ষণ অব্যাহত থাকলে সুনামগঞ্জ শহরেও পানি ওঠার আশংকা রয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সুনামগঞ্জ শহরসহ সদর, দোয়ারাবাজার ও জামালগঞ্জের নদীর পাড়ের গ্রামগুলোর ঘর বাড়িতে পানি ওঠেছে। জেলার ৬ উপজেলায় সরকারি হিসাবে এক লাখ ৩ হাজার মানুষ পানিবন্দি বলা হলেও, বেসরকারি হিসাবে পানিবন্দি মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে। গত ১১ দিনের লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সোমরার বিকাল ৩ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ নদীর বেশিরভাগ অংশের কূল ডুবে পানি নি¤œাঞ্চল (হাওর এলাকার গ্রামাঞ্চল) ডুবিয়ে দিচ্ছে।
সুরমা নদী পাড়ের ষোলঘর এলাকার সুখেন্দু সেন বলেন, ‘রোববার বিকালে সুরমা নদীর পানি যেটুকু কমেছিল, সোমবার সকালে আবার তা পূর্বাবস্থায় অর্থা শুক্র ও শনিবারের অবস্থা ধারণ করেছে’। সুনামগঞ্জ- ধারারগাঁও সড়কের নবীনগর
অংশের ভাঙ্গন আরো বড় হচ্ছে। এই সড়ক দিয়ে যাওয়া গ্যাস পাইপ বিপজ্জনক অবস্থায় পড়ায় নবীনগর ধারারগাঁও এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে’। এছাড়া শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, তেঘরিয়া, উত্তর আরপিননগর, বড়পাড়া, পূর্ব নতুনপাড়া, খেজাউড়া এবং শহরতলির ইব্রাহিমপুর, সদরগড়, বৈঠাখালি, জলিলপুরসহ নদীর ও হাওরপাড়ের গ্রামগুলোর বাড়ি-ঘরে পানি ওঠেছে।
জেলার দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারার বাঁধ ভাঙ্গায় উপজেলার লক্ষীপুর ও বোগলা ইউনিয়নের ২০ টি গ্রামের সকল যোগাযোগ সড়ক ডুবে গেছে।
লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,‘সীমান্তের ওপার থেকে আসা ঢলে খাসিয়ামারা বাঁধ ভেঙ্গে জলপ্রপাতের মতো পানি নামছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় পানি ওঠছে। লক্ষীপুর ও বোগলা ইউনিয়নের কমপক্ষে ৪০০ পরিবারের কারো-ঘরে, কারো আঙ্গিনায় পানি ওঠেছে’।
সুরমা নদীর কূল উপচে জামালগঞ্জের নি¤œাঞ্চলের গ্রামগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ বলেন,‘৬ ইউনিয়নে কমপক্ষে ৩ হাজার মানুষ পানিবন্দি, বাড়ি-ঘর ছেড়ে স্কুল কিংবা অন্য কোথাও আশ্রয় নিয়েছেন এমন সংখ্যা এক হাজারের উপরে রয়েছে’।
বিশ্বম্ভরপুর উপজেলা সদরেও পানি ওঠেছে।
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ বলেন,‘উপজেলার ৭০ টি গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগে আছেন। কোন কোন পরিবারের রান্না ঘরে, বসত ঘরে, আবার কোন কোন পরিবারের বারন্দায়-উঠোনে হাটু সমান পানি’।
তাহিরপুর উপজেলার ১০০ টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন বলেন, ‘১০০ গ্রামের লক্ষাধিক মানুষের বারান্দায়-বাড়ির উঠোনে পানি ওঠেছে’।
ধর্মপাশার সুখাইড় রাজাপুর উত্তর ও দক্ষিণ, জয়শ্রী, চামরদানী এবং মধ্যনগর ইউনিয়নের নিচু এলাকার গ্রামগুলোর মানুষ সোমবার সকালে বন্যাকবলিত হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল হক বলেছেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে রূপা আমন, বীজতলা ও আউশ ধান এবং সবজী খেত মিলে ১৫৪১ হেক্টর জমির ক্ষতি হয়েছে’। বেসরকারি হিসাবে ক্ষতির পরিমাণ আরো বেশি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন জানিয়েছেন, এই কয়দিনে ২৩ কিলোমিটার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ জানান, কাঁচা সড়কসহ ১১০ কিলোমিটার সড়ক ভেঙ্গেছে তাদের।
নবীনগর-ধারারগাঁও সড়কের একটি অংশ ভেঙ্গে সুরমার পানি প্রবল বেগে প্রবেশ করছে। ঐ সড়কের গ্যাস পাইপ বিপজ্জনক পরিস্থিতিতে থাকায় ঐ এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জের ম্যানেজার সুরুজ্জামান জানান, ঐ দুই আবাসিক এলাকায় প্রায় ৫০০ গ্যাসের গ্রাহক রয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, ‘জেলার ১২৯ টি স্কুলে হয় পানি ওঠেছে, না হয় যোগাযোগ সড়ক ডুবেছে। এই বিদ্যালয়গুলোতে পাঠদান বিঘিœত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িতে, বসতঘরে কিংবা আঙ্গিনায় পানি ওঠে এক লাখ ৩ হাজার মানুষ ভোগান্তিতে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ এক মে.টন চাল এবং নগদ সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে যতটুকু ত্রাণ সহায়তা প্রয়োজন সেটুকুই যেন দেওয়া হয়, পর্যাপ্ত ত্রাণ মওজুদ রয়েছে। এখনো কোন আশ্রয় কেন্দ্র খোলা হয়নি, তবে শুক্রবার থেকে জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা রয়েছে’।
পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন,‘সুরমার পানি সোমবার সকাল নয় টায় সুনামগঞ্জ পয়েন্টে ৯.০৭ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল’। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।