জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দায়ে রহিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ডাদেশ দেন।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশের ঘোষগাঁও মৌজার স্টিল ব্রিজ এলাকায় নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যামান
আদালত অভিযান পরিচালনা করেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযানকালে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।
এসময় মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনিচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাটি স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ ও নদীর পাড় হতে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।


