নদী খনন প্রকল্পের মাটি ফেলার বিষয়ে পরিকল্পনা করুন

জেলার তিন নদী খনন প্রকল্পের আওতায় নদীগর্ভ থেকে উত্তোলিত মাটি ও বালু কোথায় ফেলা হবে সেই পরিকল্পনা না থাকায় প্রকল্প কর্মকা- শুরুর আগেই এক ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। যদিও পাউবো কর্তৃপক্ষ বলছেন, ঠিকাদার নিজের দায়িত্বে মাটি ফেলবেন এবং ওই শর্ত দিয়েই কার্যাদেশ চুক্তি সম্পাদিত হবে। পাউবোর এই বক্তব্য দায়িত্বশীল বক্তব্য হিসেবে গ্রহণ করতে অনেকেই নারাজ হবেন না। কারণ সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া মাটি ফেলার বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ থাকলে পরে এ নিয়ে সমস্যা তৈরি হবে। অন্য দিকে তিন নদী খনন প্রকল্প থেকে আনুমানিক ২৬ কোটি ঘনফুট পরিমাণের যে মাটি উঠবে তার আর্থিক মূল্যমান কম নয়। এই বিপুল মূল্যের মাটির কর্তৃত্ব ঠিকাদারদের দিয়ে দেয়ার অর্থ হলো সরকারকা মাল দরিয়া মে ঢাল এর মতো বিষয়। তাছাড়া স্থানীয়রা আশঙ্কা করছেন নদী থেকে তুলে মাটি ঠিকাদাররা আশপাশের জমিতে ফেলতে পারেন এতে জমি নষ্ট হওয়ার বিষয়েও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। সবকিছু মিলিয়ে নদী খননের মাটি ফেলার জন্য আগে থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা উচিৎ বলে আমরা মনে করি। নতুবা কাজ শুরু হওয়ার পর এই বিষয়টি ভজখট পাকাতে পারে। উল্লেখ্য মরা সুরমা, জাদুকাটা ও বৌলাই নদীর প্রায় ৬২ কিলোমিটার অংশ খননের জন্য ১৩৯ কোটি টাকার তিনটি বিশাল প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এই নদী খননের খবরে স্থানীয়রা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছেন। কিন্তু এখন উত্তোলিত মাটি ফেলার পরিকল্পনাহীনতার কারণে স্থানীয়দের এই উৎসাহে সংগত কারণেই কিছুটা ভাটা দেখা দিয়েছে।  
২৬ কোটি ঘনফুট মাটি দিয়ে অনেক কাজ করা যায়। হাওর রক্ষা বাঁধের কাজে মাটির প্রয়োজন হয়। মাটির প্রয়োজন পড়ে নতুন সড়ক নির্মাণ বা পুরানো সড়ক সম্প্রসারণ করতে। সরকারি স্থাপনা নির্মাণের জন্য নীচু জায়গা ভরাট করতেও প্রচুর মাটির প্রয়োজন পড়ে। এসব মাটি কিনতে হয় বেশ দাম দিয়ে। এখন নদী খনন প্রকল্প এলাকার মধ্যে এরকম কোন মাটি ভরাটের কাজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা যেতে পারে। এখন খনন এলাকা থেকে পাইপের সাহায্যে অনেক দূর পর্যন্ত অনায়াসে মাটি ফেলা যায়। সম্পদের সুষম ব্যবহারের স্বার্থে উত্তোলিত মাটির সদব্যবহার নিশ্চিত করতে আমরা পাউবোকে যথাযথভাবে চিন্তা-ভাবনা করার আহ্বান জানাই।
গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত এই বিষয়ের সংবাদে হাওর অঞ্চলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও পাউবোর সাবেক এক প্রকৌশলী উদ্বেগ প্রকাশ করে বলেছেন নদীর মাটি ফেলার এই পরিকল্পনাহীনতা প্রকল্পের মাধ্যমে অর্জিত উপকারকে নশ্যাৎ করে দিতে পারে।  তাঁরা মাটি ফেলার বিষয়ে উপযুক্ত পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা মনে করি পরিকল্পনা প্রণয়নের এই সুযোগটি এখনও শেষ হয়ে যায় নি। কার্যাদেশ দেওয়ার আগেই এ বিষয়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব।  তাঁদের মতামতকে বিবেচনায় নিয়ে পাউবো শীঘ্র উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশা রাখি। আর তা না করে যদি ২৬ কোটি ঘনফুটের বিশাল মাটির ভা-ারকে ঠিকাদারদের দিয়ে দেওয়া হয় তাহলে সেটি হবে সরকারি সম্পদের অপচয় মাত্র। এই ধরনের অপচয় কখনও কারও কাম্য নয়।