দোয়ারাবাজার উপজেলা পরিষদসহ বিভিন্ন গ্রাম সুরমা নদীর ভাঙন কবলিত হওয়ার কাহিনি অনেক পুরাতন। উপজেলা সদর থেকে এখন সুরমা নদীর দূরত্ব এক শ’ ফুটের নীচে নেমে এসেছে। আরেকটি ভাঙন হলেই উপজেলা পরিষদের স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। উপজেলা পরিষদ ভাঙন কবলিত হলে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ পানিতে ভেসে যাবে। অবশ্য সরকারকা মাল দরিয়ামে ঢাল বলে যে প্রবাদ আছে সেটি অনুসরণ করলে অবশ্য কারও কিছু বলার থাকে না। কিন্তু করদাতা নাগরিকের মনে কষ্ট হয় এই কারণে যে, সঠিক ব্যবস্থা গ্রহণে অভাবের জন্য ত্াদেরই কষ্টার্জিত সম্পদ চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে দেখে। মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা সদরে এলাকাবাসী নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন কর্মসূচী পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবশ্য এরকম কর্মসূচী বছর বছরই পালন করে আসছে। গণমাধ্যমেও ছাপা হয়েছে এন্তার খবর। কিন্তু কুম্ভকর্ণের ঘুম না ভাঙার মতো এ বিষয়ে সরকারি উদ্যোগকেও জীবন্ত হতে দেখা যায়নি। অবস্থা যখন বেশি খারাপ হয়ে পড়ে তখন তড়িঘড়ি করে উপদ্রুত এলাকায় কিছু বালুর বস্তা ফেলা, বাঁশ আর চাটাই দিয়ে ওই বস্তাগুলোকে আটকে রাখার চেষ্টা করা হয়। অথচ সুরমার ভাঙন থেকে দোয়ারাবাজার উপজেলা পরিষদসহ অনেকগুলো গ্রাম-জনপদকে রক্ষায় স্থায়ী কোন কর্মসূচী করা হচ্ছে না।
নদী ভাঙনের প্রকোপ এ জেলায় যমুনা বা মেঘনা তীরবর্তী অঞ্চলের তুলনায় নগন্য হলেও কিছুটা আছে। এরকম ভাঙন কবলিত এলাকা হচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার, জামালগঞ্জের সাচনাবাজার, জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার, দিরাইর আকিলশাহ বাজার, সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকা ইত্যাদি। রানীগঞ্জের ভৌগোলিক মানচিত্রই পালটে গেছে কুশিয়ার ভয়াবহ ভাঙনের ফলে। সাচনাবাজারের বহু ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। জেলা সদরের নিকটবর্তী সৈয়দপুর এলাকায়ও জমি ও বাড়ি-ঘর ভাঙন কবলিত হওয়ার খবর গত মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে ফসল রক্ষার তথাকথিত অস্থায়ী বাঁধ নির্মাণে যেরকম উৎসাহ দেখা যায় তার কিঞ্চিৎমাত্র দেখা যায় না নদীভাঙন প্রতিরোধে পরিকল্পনা প্রণয়নে। অন্যদিকে নদী ভাঙন বিষয়ে আমাদের জনপ্রতিনিধিদেরও তেমন সোচ্চার ভূমিকার দেখা মিলে না। অথচ এই সমস্যাটি বিভিন্ন স্থানের জীবন-মরণ সমস্যা।
দোয়ারাবাজারের জনগণ মানববন্ধনের মাধ্যমে যে সমস্যাটি সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করলেন আমরা আশা করব সেটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসবে। ভাঙন প্রতিরোধের প্রধান কাজ হলো নদীর তীর ব্লক দিয়ে বাঁধ দেয়া এবং নদী খননের মাধ্যমে নাব্যতা বাড়ানো। এগুলো বেশ খরচসাপেক্ষ প্রকল্প। আলাদীনের প্রদীপের ছোঁয়ায় রাতারাতি সব ব্যবস্থা হয়ে যাবে না। কিন্তু কাজ যদি শুরু হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি গ্রহণ করা হয় তাহলে একটা সময়ে তো এলাকাবাসী এর সুফল পাবেন। সুতরাং পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করছি, দোয়ারাবাজারের এই বিষয়টি আপনারা দয়া করে আমলে নিন। নিয়ে জেলার সর্বত্র নদী ভাঙনের যে প্রকোপ রয়েছে তা নিরসনে যথাযথ ভূমিকা পালন করুন।

