নদ নদীর পানি বাড়ছে

স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে জেলার নদ-নদী ভরাট হয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
দোয়ারাবাজার সীমান্তের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ- তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারকলা সেতুর পাশে ডুবন্ত সড়ক ডুবে যাওয়ায় এই উপজেলার সঙ্গে জেলা সদর থেকে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার মহব্বতপুরবাজারে হাঁটু সমান পানি রয়েছে। সীমান্তবর্তী এলাকার চলাচল সড়কগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগন্তি পোহাতে হচ্ছে মানুষকে। এছাড়া, দোয়ারাবাজারের বাংলাবাজার, নরসিংপুর ও সদর ইউনিয়নের দোয়ারা-বাংলাবাজার সড়কটি আংশিক তলিয়ে গিয়ে উপজেলা সদরের সঙ্গে এই ইউনিয়নগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আফছর উদ্দিন বলেছেন, লাগাতার বৃষ্টিপাত, পাহাড়ীঢল এবং ভারতের বরাক উপত্যকায় পানি বাড়ায় সুনামগঞ্জের সুরমা নদীসহ অন্যান্য নদীতে পানি বেড়েছে। বুধবার দুপুর ১২ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।