বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতির সাথে বিদ্যুৎ উৎপাদনের একটা বিরাট সম্পর্ক আছে। যদি কলকারখানা বিদ্যুৎ না পায়, অফিস আদালত লোডশেডিংয়ে পড়ে অচল হয়ে যায়, তাহলে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে তা থমকে যাবে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত হওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের মতানুযায়ী ২০৪১ সাল নাগাদ দেশের বিদ্যুতের চাহিদা হবে ১ লাখ মেগাওয়াট। ওই হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য সরকারের মহাপরিকল্পনা আছে। কিন্তু সেই পরিকল্পনা ব্যয়বহুল এবং পরিবেশ সহায়ক নয় বলে মন্তব্য করে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটি বিকল্প প্রস্তাব দিয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ বিকল্প প্রস্তাব তুলে ধরেন। বিকল্প প্রস্তাবে বলা হয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে প্রায় ১ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যার বিনিয়োগ কম এবং উৎপন্ন খরচও কম। বর্তমানে দেশে গড়ে বিদ্যুৎ উৎপাদন খরচ মেগাওয়াট প্রতি ১২ টাকা ৭৯ পয়সা, কিন্তু বিকল্প প্রস্তাব গ্রহণ করা হলে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন খরচ পড়বে মাত্র ৫ টাকা ১০ পয়সা।
বর্তমান বিশ্বে প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন জনপ্রিয় হচ্ছে। এখনো পৃথিবীতে কয়লা থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু ধারণা করা হচ্ছে কিছু দিনের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ কয়লাকে ছাড়িয়ে যাবে। কিন্তু কোন দেশই প্রচলিত ব্যবস্থা বাদ দিয়ে নবায়নযোগ্য উৎপাদনের দিকে ঝোকেনি। নবায়নযোগ্য বিদ্যুৎ হয়, বাতাস এবং সূর্যের আলো থেকে। বাংলাদেশেও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন হয়, তবে তা পরিমাণে কম। বাংলাদেশের উপকূলে যে বাতাস ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচি নেয়া হয়েছিল তার প্রথম পর্যায়ে খুব একটা সাফল্য পাওয়া যায়নি। কিন্তু ইডকলের মাধ্যমে এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে গ্রামে যে সূর্য আলো ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি চলছে তাতে ভাল সাফল্য পাওয়া গেছে। আমরা মনে করি তেল গ্যাস রক্ষাজাতীয় কমিটির উদ্দেশ্য খারাপ নয়। তারা দেশ প্রেমের জায়গা থেকে বিষয়টা নিয়ে ভাবছেন। তাদের প্রস্তাব বিবেচনায় নেয়া উচিত। তবে ইতিমধ্যে গৃহীত প্রকল্প বন্ধ করে নয়। প্রচলিত প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প চলতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে কোন ধরনের ঝুঁকি নেয়া উচিত হবে না।

