জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে নলুয়ার হাওরে এক লন্ডনপ্রবাসীর ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ মেরে প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসী আজাদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জগন্নাথপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এস.আই আজাদ আলী নলুয়ার হাওরে নিজের জমিতে ফিসারি তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছেন। বুধবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কীটনাশক বিষ প্রয়োগ করে। ফলে ফিসারির সব মাছ মরে ভেসে ওঠে।
আজাদ আলী অভিযোগ করে জানান, তিনি গত কয়েক বছর ধরে নলুয়ার হাওর এলাকায় ফিসারি তৈরি করে মাছের চাষ করে ব্যবসা করে আসছিলেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করে আমার ছয়/সাত লাখ টাকার ক্ষতি করেছে। বিষয়টি আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি তদন্ত পূর্বক দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হবে।


