নলুয়ায় কাঁচা সড়কে ভোগান্তি

আকরাম উদ্দিন
সদর উপজেলার সুরমা ইউনিয়নের নলুয়া গ্রাম এলাকায় মুগাই নদীর উপর নির্মিত হয়েছে কার্লভাট সেতু। এই সেতু থেকে ইদু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৫শ’ ফুট কাঁচা রাস্তা থাকায় মানুষ ও যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কের পাকাকরণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা ইদু মিয়া, তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়াসহ অনেকে জানান, মুগাই নদীর উপর নির্মিত হয়েছে কার্লভাট সেতু। এখানকার মানুষ এপার অপার যোগাযোগ রক্ষার জন্য নির্মাণ করা হয়েছে এই সেতু। কিন্তু প্রায় ৫শ’ ফুট চলাচল রাস্তা পাকা না হওয়ায় মানুষের ভোগান্তি লেগেই আছে। রাস্তা পাকাকরণের কোনো উদ্যোগ না থাকায় ছোট-বড় একাধিক গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি জমে কাদার সৃষ্টি হয়। শুঁকনায় গাড়ি চলাচলে গর্তে জমে থাকা ধুলা-বালি উড়ে এলাকার পরিবেশ নষ্ট হয়। রাস্তায় চলাচলকারী, রোগী ও বয়স্কদের মারাত্মক সমস্যা হয়। এই রাস্তার দ্রুত পাকাকরণের দাবি আমাদের।
এই রাস্তা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত। ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডে আছেন আব্দুল মান্নান। এই রাস্তা আদৌ পাকাকরণ হবে কি না, তারা কিছুই জানেন না। তবে তাঁরা এটি এলাকার অতি গুরুত্বপূর্ণ রাস্তা বলে দাবি করেন।
বাঘমারা গ্রামের শিক্ষা নবীশ আইনজীবী মতিউর রহমান বলেন, এই বাইপাস রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন আসা-যাওয়া করেন। এতে ভোগান্তির সীমা থাকে না। এই রাস্তার পাকাকরণ জরুরি প্রয়োজন।
সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল বলেন, সড়কটি জনগুরুত্বপূর্ণ। কিন্তু পাকাকরণ না হওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছেন।
সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম জানান, নলুয়া এলাকায় নবনির্মিত কার্লভাট সেতু থেকে ইদু মিয়ার বাড়ি পর্যন্ত যে কাঁচা রাস্তা রয়েছে, এই রাস্তায় হচ্ছে মানুষের চরম ভোগান্তি। রাস্তার পাকাকরণ জরুরি প্রয়োজন।
সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুছ সাত্তার বলেন, মুগাই নদীর উপর নির্মিত কার্লভাট সেতু থেকে ইদু মিয়ার বাড়ি পর্যন্ত যে কাঁচা রাস্তা রয়েছে, পাকাকরণ না হওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে, তা সত্য। এই রাস্তা পাকাকরণে আমি আপ্রাণ চেষ্টা করবো।