নাইন্দার হাওরে ফসল রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি

ছাতক প্রতিনিধি
ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা পরিষদ এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষকরা।
বৃহস্পতিবার দুপুরে কৃষকদের অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদ এলাকায় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, কাড়ইলগাঁও, বারকাহন, বাতিরকান্দি, মির্জাপুর, পাটিবাগ, বেতুরা, আসাদনগর গ্রাম সহ নাইন্দার হাওরপাড়ের কৃষকরা অংশ নেন। কৃষকদের দাবি স্থানীয় মির্জার খালে ফসলরক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে নির্মাণ করায়ণ হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি হলেই নাইন্দার হাওর পাড়ের কৃষকদের মধ্যে ফসল হারানোর আতংক বিরাজ করে। এখানে ফসল রক্ষা বাধ সৃষ্টির পর থেকেই বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ তৈরী হয়ে আসছিল। বর্তমানে পূর্বে মতো বৃষ্টির পানি নিস্কাশনের পথ না রেখেই বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে বাঁধের এক পাশ শুকনো এবং হাওড়ের পাশ পানিপূর্ণ অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই পানি বৃদ্ধি হতে থাকে। ফলে নাইন্দার হাওরের কয়েক হাজার একর বোরো ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কৃষকদের দাবি পরিকল্পনা অনুযায়ী মির্জার খালের ফসল রক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। হাওরের বোরো ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে কৃষকরা আবেদনও দিয়েছেন কৃষকরা।
সাবেক ইউপি সদস্য কৃষক মনির উদ্দিন জানান, বৃহস্পতিবার কৃষকদের অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
হাওরপাড়ের কৃষক সালেহ আহমদ, ছালিক মিয়া তালুকদার, কুতুব উদ্দিন সহ কৃষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের বাঁধ ও ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে তারা ফসল হারা হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, ইতিপূর্বে হাওরের ফসল রক্ষার ব্যাপারে কৃষকদের একটি আবেদন পাওয়া গেছে। দলবদ্ধভাবে কৃষকরা এসে ফসল রক্ষার এ দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।