‘নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা

জেলা প্রশাসন সুনামগঞ্জের উদ্যোগে সুনামগঞ্জের ১১ টি উপজেলার সকল কর্মকর্তাদের ১৬-১৭ আগস্ট দুই দিনব্যাপি ‘নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রতিটি উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার সকল কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং উদ্ভাবনের মাধ্যমে সেবা সহজীকরণ করে কম খরচে এবং কম সময়ে জনগণের কাছে সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘জনগণকে তাদের প্রাপ্য সেবা তাৎক্ষণিকভাবে প্রদান একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব। আমাদের সংবিধানেসরকারি কর্মকর্তাদের সকল সময়ে সেবা প্রদানে সচেষ্ট হতে বলা হয়েছে। উদ্ভাবনের মাধ্যমে সময়, খরচ আর যাতায়াত বাঁচিয়ে জনগণের হাতে কাঙ্ক্ষিত সেবা পোঁছানো বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’
তিনি বলেন,‘এখন সরকারি কর্মকর্তাদের অনেকেই বয়সে তরুণ। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে সেবা প্রদানের জন্য তিনি এ তরুণ কর্মকর্তাদের আহ্বান জানান ও সেবা প্রত্যাশীদের দ্রুততম সময়ে সেবা প্রদানের জন্য সব কর্মকর্তাদের অনুরোধ জানান।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না এবং সহকারী কমিশনার (আইসিটি) মনিরুল হাসান।
বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি