স্টাফ রিপোর্টার
দিরাইয়ে জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বাসা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার এই কমিটি গঠন করে দেয়া হয়।
কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) তাপস রঞ্জন ঘোষ, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নাজিম উদ্দিন।
চার সদস্য বিশিষ্ট কমিটি নাছির উদ্দিন চৌধুরীর বাসা থেকে খোয়া যাওয়ার দুইটি অস্ত্রের লাইসেন্স প্রাপ্তি, লাইসেন্স নবায়ন, রক্ষণাবেক্ষণ ও এই অস্ত্রগুলোর সার্বিক খোঁজখবর নেয়ার বিষয়ে দিরাই থানা পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করবেন।
কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


