বিশেষ প্রতিনিধি
দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর বাড়ী থেকে খোয়া যাওয়া লাইসেন্সকৃত রিভলবার ও রাইফেলের এখনো খোঁজ পায়নি পুলিশ। দেড় মাস আগে গত বছরের ৩১ ডিসেম্বর নাছির উদ্দিন চৌধুরী’র দিরাই শহরের বাসভবন থেকে এই অস্ত্র খোয়া গিয়েছিল। পুলিশ সুপার বলেছেন,‘এই অস্ত্র খোঁজে বের করার চেষ্টা হচ্ছে।’ অন্যদিকে নাছির উদ্দিন চৌধুরী’র ৩ টি লাইসেন্সই বাতিল করার জন্য জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট ইতিমধ্যে আবেদন করেছে পুলিশ। জেলা ম্যাজিষ্ট্রেট বলেছেন, ‘নাছির উদ্দিন চৌধুরী’র লাইসেন্স বাতিলের আবেদন প্রক্রিয়াধীন’।
গত বছরের ৩১ ডিসেম্বর শনিবার রাতের কোন এক সময় সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা তাঁর লাইসেন্সকৃত রাইফেল ও রিভলবারসহ স্বর্ণালংকার এবং কিছু টাকা ডাকাতি করে নিয়ে যায়। কেবল তার বন্দুকটি রেখে যায় ডাকাতরা। ঐ রাতে নাছির উদ্দিন চৌধুরী’র বাড়িতে তত্বাবধায়ক লিলু মিয়া ছাড়া অন্য কেউ ছিলেন না। তত্বাবধায়ক লিলু মিয়াকে রোববার সকালে এসে আশপাশের লোকজন ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয়নি। পরে প্রতিবেশিরা বাড়িতে ঢুকে দেখতে পান পেছনের কলাপসেবল গেট খোলা, ঘরের ভেতরে অনেক কিছুই তছনছ। পরে নাছির উদ্দিন চৌধুরী ও তার ভাই মাসুদ চৌধুরীকে ফোন দেন প্রতিবেশিরা। দুপুরে নাছির উদ্দিন চৌধুরী ও তার ভাই মাসুদ চৌধুরী বাড়িতে পৌঁছে দেখতে পান ঘরের ওয়ারড্রব ও আলমিরা ভাঙা। শেষে ওয়ারড্রব খুলে দেখতে পান নাছির উদ্দিন চৌধুরী’র লাইসেন্স করা রিভলবার ও রাইফেল নেই। প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট এবং ড্রয়ারে থাকা ২০-২৫ হাজার টাকাও নেই।
বিকাল ৩ টায় খবর পাওয়া যায় নাছির উদ্দিন চৌধুরী’র বাড়ির তত্বাবধায়ক লিলু মিয়ার লাশ সদর উপজেলার কাঠইড়’এর শান্তিপুরে পাওয়া গেছে। পুলিশ ও নাছির উদ্দিন চৌধুরী’র আত্মীয়-স্বজনরা লিলু মিয়ার লাশ সনাক্ত করেন।
এ ঘটনার পুলিশ অস্ত্র উদ্ধারের তৎপরতার পাশাপাশি নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা ৩ টি অস্ত্রই সঙ্গে না রেখে অরক্ষিত রাখায় নাছির উদ্দিন চৌধুরী’র সব কয়টি অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে পুলিশের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের আবেদন করা হয়।
এদিকে, গত ১৮ জানুয়ারি দিরাইয়ের জারলিয়া জলমহালে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হবার পর এবং এর আগেও এই জলমহালে এবং দিরাই-শাল্লার আরো দুটি জলমহালে গুলাগুলির ঘটনায় পুলিশ সন্দেহ করছে- জলমহাল দখল এবং পাল্টা দখলে ব্যবহৃত ভাড়াটিয়া অস্ত্রধারিরাও এই অস্ত্র ব্যবহার করতে পারে।
অবশ্য. জারলিয়া জলমহালে নিহতদের গায়ে যেসব গুলি লেগেছে সেগুলো বেশিরভাগই পিস্তলের গুলি এবং রাইফেলের গুলিও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে নাছির উদ্দিন চৌধুরী’র খোয়া যাওয়া অস্ত্রের গুলি কী-না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘জারলিয়ার গুলাগুলিতে নিহতদের শরীরে পিস্তল ও রাইফেলের গুলি ছিল। রাইফেলের যে গুলি পাওয়া গেছে এটি নাছির চৌধুরী’র খোয়া যাওয়ায় লাইসেন্সের গুলি কী-না নিশ্চিত হওয়া যায়নি। তবে যেসব অস্ত্রধারী ক্যাডার জলমহাল দখলে-বেদখলে ভাড়ায় ব্যবহৃত হয় এদের গ্রেপ্তর করলে তথ্য উদঘাটন সম্ভব হতে পারে’। তিনি জানান, নাছির উদ্দিন চৌধুরী’র নিজের নিরাপত্তার জন্য ৩ টি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। অথচ. একটিও তিনি সাথে রাখেন না। বাড়ির তত্বাবধায়কের কাছে অরক্ষিত অবস্থায় রাখেন। এটি তিনি করতে পারেন না। দায়িত্বহীনতার জন্য তাঁর ৩ টি লাইসেন্সই বাতিলের জন্য গত ১৫ জানুয়ারি জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করা হয়েছে।’
জেলা ম্যাজিষ্টেট শেখ রফিকুল ইসলাম বলেন,‘আমরা নাছির উদ্দিন চৌধুরী’র অস্ত্রগুলোর লাইসেন্স বাতিলের আবেদন পেয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে।’


