নাট্যকর্মী চুমকি খুন- ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করেছে স্বামী মহিম

স্টাফ রিপোর্টার
শহরের আবাসিক হোটেলে খুন হওয়া নাট্যকর্মী চুমকি’র স্বামী খুনী মঈনুল ইসলাম ১৬৪ ধারার জবানবন্দিতে খুনের কথা স্বীকার করেছে। রোববার বেলা আড়াই টায় সুনামগঞ্জ সদর জোন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল আমিনের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে খুনের কথা স্বীকার করে।  এর আগে বৃহস্পতিবার পুলিশ মহিমকে আদালতের আদেশে ২ দিনের রিমা-ে নিয়েছিল।
সুনামগঞ্জ সদর থানার সাবইন্সপেক্টর সাঈদুজ্জামান রিপন জানান ,‘মহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের জন্য রিমা-ে আনা হয়েছিল। প্রথম দিনেই সে খুনের কথা স্বীকার করে। পরে আদালতের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও সে খুনের স্বীকারোক্তি দিয়েছে’।
সাবইন্সপেক্টর রিপন জানান, মহিম ১৬৪ ধারার জবানবন্দিতে বলেছে, ‘গত ১২ মে বৃহস্পতিবার চুমকিকে সে তার বাড়িতে নেবার চেষ্টা করেছিল, চুমকি রাজি হয়নি, পরে সে হোটেলে ওঠেছে। রাতে চুমকিকে সঠিক পথে চলার পরামর্শ দেবার চেষ্টা করেছে। এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি হয়, চুমকি তাকে চড় মারে, তবে চুমকিকে হত্যা করার কোন পরিকল্পনা তার ছিল না, চুমকির গলায় ওড়না ছিল, এটি ধরে টান দেবার সময়ও চুমকি মরে যাবে এটি সে বুঝেনি’।
গত ১২ মে (বৃহস্পতিবার) রাত ১১ টায় শহরের পুরাতন বাসস্টেশনের আল হেলাল হোটেলে ওঠে মহিম ও চুমকি। পরদিন (শুক্রবার) সকালে নাশতা আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায় মহিম। বেলা ১১ টা পর্যন্ত না ফেরায় এবং কক্ষের বাইরে থেকে তালা দেওয়া থাকায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। দরজায় অনেকবার কড়া নাড়লেও কোন শব্দ না হওয়ায় পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখে গলায় ওড়না পেঁচানো চুমকির লাশ মেঝেতে পড়ে আছে।
এ ঘটনার ১ দিন পর গত ১৪ মে নিহতের মা শাহেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ১৬ মে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে মহিম। গত বৃহস্পতিবার বিকালে পুলিশ মহিমের ২ দিনের রিমা-ের আবেদন করলে আদালত রিমা- মঞ্জুর করেন।
রিমা-ের প্রথম দিনেই (শনিবার) মহিম আদালতে ৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার কথা জানায়। শেষে পুলিশ রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।