থিয়েটার গণশিক্ষার মাধ্যম

স্টাফ রিপোর্টার
‘এসো নাট্যমঞ্চে, মেতে উঠি বিজয় উল্লাসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় সম্মিলিত নাট্য উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
দুই দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, সুনামগঞ্জ সৃষ্টি থিয়েটারের সভাপতি সামিনা চৌধুরী মনি, সুনামগঞ্জ একতা থিয়েটারের সভাপতি গৌতম কর তপন, সাংস্কৃতিক সংগঠন সারেগামাপা’র সভাপতি অনিশ তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উৎসবটি সময়োযোগী পদক্ষেপ। থিয়েটার বেঁচে থাকে নতুনের হাতে। সেজন্য নতুনদের সুযোগ দিতে হবে। তাই এ আয়োজন খুব গুরুত্বপূর্ণ। মঞ্চনাটক শুধু বিনোদন নয়, এটা গণশিক্ষার মাধ্যম। মঞ্চ সত্য কথা বলে। মঞ্চ সর্ববিদ্যার আধার। আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ। এই সংস্কৃতি যতদিন বহমান থাকবে ততদিন বাংলাদেশ গৌরব নিয়ে বিশে^ মাথা উঁচু করে টিকে থাকবে। আমাদের আগামী প্রজন্ম হলো শিশু-কিশোররা। তাদের নিয়ে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও থিয়েটার সুনামগঞ্জের দল প্রধান দেওয়ান গিয়াস চৌধুরী।
বিজয় সম্মিলিত নাট্য উৎসবের প্রথম দিন দেওয়ান গিয়াস চৌধুরীর রচনা ও নির্দেশনায় থিয়েটার সুনামগঞ্জ ‘সোনার থালা’, গৌতম কর তপনের রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ একতা থিয়েটার ‘রাই কিশোরী’, বিপ্রজিত তালুকদারের রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কালচারাল উইং ফোরাম অফ সার্কিট ক্লাব ‘সমরালপন’ মঞ্চস্থ করে।
নাটের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করে কালচারাল ফোরাম। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করবে বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট।
আজ দ্বিতীয় ও সমাপনী দিন পাপ্পু রায়ের পুন: নির্দেশনা, তনু দীপের নির্দেশনা ও মান্নান হীরার রচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দিক থিয়েটার ‘ওয়ারিশ’, রোনাল্ড সেগাল’র রচনা, আসলাম অরণ্য’র নাট্যরূপ ও পুলক রাজের নির্দেশনায় সুনামগঞ্জ উদীচী নাট্য বিভাগ আফ্রিকার রূপকথার উপন্যাস অবলম্বনে ‘টোকোলশ’, বিধান চন্দ্র বনিক বাঁধনের রচনা ও তুর্য রাজের নির্দেশনায় সুনামগঞ্জ লোকদল শিল্পীগোষ্ঠী ‘যেমন কর্ম তেমন ফল’ এবং সামিনা চৌধুরীর রচনা ও নির্দেশনায় সুনামগঞ্জ সৃষ্টি থিয়েটার ‘স্টেশনের গল্প’ মঞ্চস্থ করবে।